দুই ঘণ্টার ভারী বর্ষণে প্লাবিত রাজধানী

আপডেট : ২৩ মে ২০১৩, ২২:৪০
মাত্র ২ ঘন্টার প্রবল বৃষ্টিতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর রাজপথ ও অলিগলিসহ অনেক এলাকা পানিতে তলিয়ে যায়। ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, সাত মসজিদ রোড, ঝিগাতলা, ফরিদাবাদ, গোড়ান, কাজী আলাউদ্দীন রোড, নর্থ সাউথ রোড, মতিঝিল, বেগম বাজার, নাজিমউদ্দীন রোড, আজিমপুর, বকশীবাজার, খিলগাঁও, যাত্রাবাড়ী, গোপীবাগ, রামকৃষ্ণ মিশন রোড, অভয়দাশ লেন, শান্তিনগর, বাংলামোটর, মৌচাক, মালিবাগ, মোহাম্মদপুর, গুলশান-১, কাকরাইল, মিরপুরের শেওড়াপাড়া ৬ নম্বর সেকশন, মগবাজার, আরামবাগ, ফকিরেরপুল, পুরানা পল্টনসহ নগরীর অনেক এলাকার রাস্তাঘাট গতকাল দুপুর পর্যন্ত ছিল জলমগ্ন। অনেক এলাকায় ছিল হাঁটু পানি। গতকাল সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পানি জমে ছিল শান্তিনগর, রাজারবাগ ও নটরডেম কলেজের পেছনের এলাকাসহ কোন কোন এলাকায়। তবে গতকাল বুদ্ধ পূর্ণিমার ছুটির কারণে স্কুল-কলেজ ও সরকারি অফিস বন্ধ থাকায় জনদুর্ভোগ ছিল কম। কিন্তু বাংলামটরসহ কোন কোন এলাকায় রাস্তার পাশের দোকানপাটেও পানি ঢুকে যায়। মহানগরীর গতকালের জলাবদ্ধতা সম্পর্কে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম-এ-খান জানান, কম সময়ে অনেক বেশি বৃষ্টি হওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। ঢাকা ওয়াসার পানি নিষ্কাশন ক্ষমতার চাইতে গতকালের বৃষ্টিপাত ছিল অস্বাভাবিক রকম বেশি। তাই এ অবস্থার সৃষ্টি হয়। তিনি বলেন, এটি জলাবদ্ধতা নয়, বরং জলজট। ঢাকা ওয়াসার পানি নিষ্কাশন লাইন দিনে ১০ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পানি নিষ্কাশন করতে পারে। কিন্তু গতকালের বৃষ্টি ছিল এর চাইতেও অনেক বেশি। তিনি দাবি করেন, দুপুরের মধ্যেই নগরীর অধিকাংশ এলাকার পানি সরে যায়। তিনি জানান, নগরীর কমলাপুর ও রামপুরায় দু’টি পাম্পিং স্টেশন নির্মাণের কাজ চলছে। এ দু’টি পাম্পিং স্টেশনের নির্মাণ শেষ হলে ঢাকা ওয়াসার পানি নিষ্কাশন ক্ষমতা আরো বৃদ্ধি পাবে এবং নগরীর জলাবদ্ধতা সমস্যাও হ্রাস পাবে। আবহাওয়া বিভাগের পরিচালক শাহআলম জানান, ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত বিস্তৃত কালবৈশাখীর মেঘমালার কারণে গতকাল ভোর থেকে দুপুর পর্যন্ত নগরীতে বৃষ্টি হয়েছে। তিনি জানান, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভোর ৭টা থেকে ৯টা পর্যন্ত। এই দুই ঘন্টায় আগারগাঁয়ে আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষণ কেন্দ্রে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আজ শুক্রবার থেকে বৃষ্টিপাত কমে আবহাওয়ার উন্নতি হতে পারে বলেও জানান আবহাওয়া অধিদফতরের পরিচালক। এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূল পর্যন্ত এসে পৌঁছেছে। আগামী ২ সপ্তাহের মধ্যে এই মৌসুমী বায়ু বাংলাদেশে বিস্তার লাভ করবে। সূচনা হবে সজল সঘন বর্ষার।