বাংলাদেশে গত এক বছরে ৩০ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গুম হয়েছেন ১০ জন। ৪৫ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া গত বছরে দুর্নীতির কারণে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিল হওয়ায় দেশের মানুষ ও আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি গতকাল বৃহস্পতিবার (বাংলাদেশ সময় অনুযায়ী) প্রতিবেদনটি প্রকাশ করে। ২০১২ সালে বিশ্বের ১৫৯টি দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি এবারের প্রতিবেদনে মূলত অভিবাসী ও শরণার্থীদের সমস্যা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বৃদ্ধির প্রবণতার কথা উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে অ্যামনেস্টি।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে প্রতিবেদনে ২০১২ সালে জানুয়ারিতে প্রধানমন্ত্রী বক্তব্য ‘দেশে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি’ উদ্ধৃত করা হয়েছে। প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, দুর্নীতির পাশাপাশি রাজনৈতিক সহিংসতায় মৃত্যু, নারীদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন, বাঙালি বসতি স্থাপনকারীদের হামলা থেকে আদিবাসীদের রক্ষায় ব্যর্থতা, কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিকের মৃত্যু, সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়, ঘরবাড়ি ও ব্যবসা-কেন্দ্রে হামলাসহ বিভিন্ন ঘটনার কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদেন বলা হয়, গত এক বছরে ৩০ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পুলিশ বলছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুক যুদ্ধে তাদের মৃত্যু হয়েছে। যদিও নিহতদের পরিবারের সদস্যদের দাবি র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব) ও পুলিশের সদস্য পরিচয় দিয়ে সাদা পোশাকে তাদের আটক করা হয়েছিলো। এদের কাউকে বিচারের আওতায় আনা হয়নি। এ প্রসঙ্গে বছরের ১২ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার একজন কৃষক আতিয়ার রহমান ওরফে তোফা মোল্লার নিহত হওয়ার ঘটনাটি উল্লেখ করা হয়েছে। র্যাবের দাবি, তিনি ক্রসফায়ারে মারা গেছেন। আর তার পরিবার ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তাকে আগের দিন সন্ধ্যায় বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় র্যাবের সদস্যরা। তাঁর মরদেহে তিনটি গুলির চিহ্ন দেখা গেছে। এর মধ্যে দুটি গুলি করা হয় পেছন থেকে।
আইন-শৃঙ্খলা বাহিনীর নির্যাতন এবং দুর্ব্যবহারের ঘটনা ব্যাপকহারে ঘটছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। কিন্তু এসব ঘটনার ক্ষেত্রে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর কোনো জবাবদিহিতা নেই। নির্যাতনের পদ্ধতি হিসেবে মারধর, ছাদ থেকে ঝুলিয়ে রাখা, খাবার ও ঘুমাতে না দেয়া এবং বৈদ্যুতিক শক দেয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক সময় নির্যাতনের কথা গোপন করতে তথ্যের বিকৃতি ঘটায়। আটকের মিথ্যা সময় উল্লেখ করে।
গত এক বছরে মোট ১০ জন গুম হয়েছে বলে অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে। এ বিষয়ে আরো বলা হয়, অধিকাংশ ক্ষেত্রেই গুম হওয়া লোকজনের কোনো সন্ধান মেলেনি। আর যাদের মৃতদেহ পাওয়া গেছে, তাদের দেহে মারধর ও আঘাতের চিহ্ন ছিল। প্রতিবেদনে বিএনপির নেতা ইলিয়াস আলীর গুমের কথা উল্লেখ করা হয়েছে। সরকার এ বিষয়ে তদন্তের কথা বললেও এক বছরে এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি।
নারী এবং মেয়ে শিশুদের ওপর নির্যাতনের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, যৌতুক দিতে না পারায় হত্যা, এসিড নিক্ষেপ, ধর্মীয় বিধি লঙ্ঘনের অভিযোগে সালিশের মাধ্যমে দোররা মারার ঘটনা ঘটছে। এ প্রসঙ্গে কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেছে অ্যামনেস্টি।
আগের বছরগুলোর মতো ২০১২ সালেও সরকার আদিবাসীদের ভূমি অধিকারের দাবি নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া বাঙালি বসতি স্থাপনকারীদের হামলা থেকে আদিবাসীদের নিরাপত্তা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কথাও উল্লেখ করা হয়।
শ্রমিকদের অধিকারের বিষয়ে অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং কাজের পরিবেশ উন্নত করার জন্য যেসব শ্রমিক নেতা দাবি জানিয়েছে, তারা হয়রানির শিকার হয়েছেন। তাদের ভয়ভীতি দেখানো হয়েছে। এ প্রসঙ্গে গত বছরের ৪ এপ্রিল শ্রমিকনেতা আমিনুল ইসলামের নিখোঁজ হওয়া ও পরে ঘাটাইলে তার লাশ উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে। তাকে যে নির্যাতন করা হয়েছে- সে চিহ্ন পরিবারের সদস্যরা মরদেহে দেখতে পেয়েছে। পরিবারের দাবি, নিরাপত্তা বাহিনী তঁকে তুলে নিয়ে গিয়েছিল। প্রতিবেদনে গত বছর সাভারের তাজরীন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ১১১ শ্রমিকের হত্যাকাণ্ডের কথা তুলে ধরা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় কারখানার কর্মচারীরা গেট খুলতে রাজি ছিল না বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার কথাও প্রতিবেদনে বলা হয়েছে। চট্টগ্রামের পটিয়া ও কক্সবাজারের রামুতে হাজার হাজার লোক ২০টি বৌদ্ধমন্দির ও আশ্রম, একটি হিন্দু মন্দির এবং বহু বাড়িঘর ও দোকানে আগুন লাগিয়ে দিয়েছিলো বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের শেষাংশে বলা হয়েছে, গত বছর বাংলাদেশে ৪৫ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এর মধ্যে গত এপ্রিলে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এছাড়া মূল প্রতিবেদনে বলা হয়েছে, শরণার্থী ও অভিবাসীদের জন্য বিশ্ব ক্রমবর্ধমানভাবে বিপজ্জনক স্থানে পরিণত হচ্ছে। বাড়ি-ঘর ছেড়ে যাওয়া লাখ লাখ সিরীয় শরণার্থীর দুর্দশার কথা তুলে ধরে শরণার্থীদের অধিকার লঙ্ঘনের ঘটনায় নিন্দা জানানো হয়েছে। অন্যদিকে, কাজের সন্ধানে দেশ ছেড়ে যাওয়া অভিবাসীরা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বা তাদের নিয়োগ কর্তাদের হাতে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়।
