আমাকে নিয়ে কল্পকাহিনী প্রচার করা হচ্ছে

আপডেট : ২৩ মে ২০১৩, ২২:৪২
বিএনপির ঢাকা মহানগরীর আহবায়ক সাবেক মেয়র সাদেক হোসেন খোকা হেফাজতে ইসলামের আটক মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীর জবানবন্দির বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বিএনপি, ১৮ দলীয় জোট ও তার নাম জড়িয়ে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘হেফাজতের সাথে আমাকে জড়িয়ে যে কল্পকাহিনী প্রচার করা হচ্ছে তা সত্যের অপলাপ মাত্র।’ সাদেক হোসেন খোকা বলেন, কুচক্রীমহলে আপত্তিকর প্রচারণার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিকে আহত করার বিরুদ্ধে হেফাজতে ইসলামের প্রতিবাদকে অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরাও প্রকাশ্যেই সমর্থন জানিয়েছি। তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের অধিকারের ওপর সরকার ও সরকারি দলের হস্তক্ষেপের বিরুদ্ধেও আমরা প্রকাশ্যেই সোচ্চার থেকেছি। কেননা আমরা বহুদলীয় গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। এর আগে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশের সময় বিএনপির নেতা-কর্মীরা মানবিক কারণে ঘোষণা দিয়েই ঢাকায় আগত মেহমানদের পানি ও খাবার সাধ্যমতো সরবরাহ করেছে। সরকারের অন্তর্ভুক্ত মহাজোটের শরিক দলগুলোর নেতা-কর্মীরাও একই ধরনের সহায়তা দিয়েছে। এবার গত ৫ মে ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি ছিল। কর্মসূচি শেষে তাদের ঢাকায় এসে সমাবেশ করার কর্মসূচির অনুমতি ছিল না। কাজেই এ ব্যাপারে সহায়তার কোনো পূর্বপ্রস্তুতি আমাদের ছিল না। সাদেক হোসেন খোকা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশাসনিক ব্যর্থতার কারণেই সেদিন সেই সংঘর্ষ শহরময় ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পরে আমরা খবর পাই যে, হামলা ও হুমকির প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা শাপলা চত্বরে শান্তিপূর্ণ অবস্থানের কর্মসূচি ঘোষণা করেছে। এরপর বিএনপি আগের মতোই ঢাকার মেহমানদের পানি ও খাদ্য সরবরাহের মাধ্যমে তাদের পাশে দাঁড়াবার জন্য দলের নেতা-কর্মী ও নগরবাসীর প্রতি আহবান জানায়। সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এবং বিরোধী দলের ওপর দমননীতি চালিয়ে একতরফা মিথ্যা প্রচারণা শুরু করেছে। তারই অংশ হিসাবে বাবুনগরীর জবানবন্দির নামে সরকারই মিডিয়াকে ব্যবহার করে হাস্যকর কাহিনী রটিয়েছে। আমরা জানি ১৬৪ ধারায় দেয়া জবানবন্দি গ্রহণের সময় ম্যাজিস্ট্রেট ছাড়া আর কারো উপস্থিত থাকার কথা নয়। তাহলে জবানবন্দির নামে সংবাদ-মাধ্যমে বিএনপি, ১৮ দলীয় জোট ও আমাকে জড়িয়ে এই কল্পকাহিনী কে সরবরাহ করলো সেটা এক বিরাট প্রশ্ন। তিনি বলেন, জনাব বাবুনগরীর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই। আমি বিভিন্ন গণমাধ্যমে তার চেহারা দেখেছি মাত্র। এর বাইরে তার সঙ্গে কোনদিন কোন আলাপও হয়নি। বিএনপির পক্ষ থেকে আমাকে বা অন্য কাউকে হেফাজতের সাথে সমন্বয়ের দায়িত্ব দেয়ার কোন প্রয়োজনই নেই। কারণ তাদের সাথে আমাদের সাংগঠনিক বা আদর্শিক তেমন কোন যোগাযোগও নেই। সরকার উত্খাতের তথাকথিত ষড়যন্ত্র এবং সহিংস কর্মকাণ্ডে বিএনপি, এর কোন অঙ্গ ও সহযোগী সংগঠন বা আমার জড়িত থাকার কল্পকাহিনী সরকার রচিত এবং আমরা এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।