তারেককে ফিরিয়ে আনুন

খালেদা জিয়াকে ৭৫টি সাংগঠনিক জেলা কমিটির চিঠি

আপডেট : ২৩ মে ২০১৩, ২২:৪৪
বিএনপির ৭৫ টি সাংগঠনিক জেলা কমিটির নেতারা সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে তাকে সক্রিয় করার জোর তাগিদ দিয়ে চিঠি দিয়েছেন বেগম খালেদা জিয়াকে। চিঠিতে তারা আগামী নির্বাচনের প্রস্তুতি এবং দলের তৃণমূল শক্তিকে চাঙ্গা করতে তারেকের অপরিহার্যতার কথা তুলে ধরেছেন। বলা হয়েছে, সামনে নির্বাচন, দলের মাঠের সাংগঠনিক অবস্থা আশানুরূপ নয়।বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মাঠ পর্যায় থেকে বিএনপি চেয়ারপার্সনের দফতরে প্রতিদিন বহু লিখিত অভিযোগপত্র আসছে। এসব পত্রেও তারেক রহমানকে দেশে আনার তাগিদ দেয়া হচ্ছে। অনেক চিঠিতে প্রায় অভিন্ন ভাষায় যা বলা হচ্ছে; তা হলো, ‘দলের সব পর্যায়ে হচ্ছে পকেট কমিটি। কমিটি করতে চলছে এন্তার অর্থের লেনদেন। কোনো পর্যায়ের কমিটিতে নেই শৃঙ্খলা। নেই কোন ‘চেইন অব কমান্ড’। চেয়ারপারসন থেকে ভারপ্রাপ্ত মহাসচিব কারও নির্দেশই কেউ মানে না। নির্বাচনের মাধ্যমে কোনো পর্যায়েই কমিটি গঠনের পদক্ষেপ নেই। এলোমেলো অবস্থা। তারেক রহমান দীর্ঘদিন রাজনীতির বাইরে থাকায় তৃণমূল বিএনপি অনেকটা কাণ্ডারিহীন হয়ে পড়েছে তারেক রহমানকে আবার রাজনীতিতে সক্রিয় করতে খালেদা জিয়ার ওপর নেতা-কর্মীদের চাপ বাড়তে থাকায় তিনি লন্ডনে চিকিত্সাধীন পুত্রের সঙ্গে কথা বলেছেন। তিনি মাঠ নেতাদের তাগিদের কথা বলেছেন। তৃণমূল থেকে কেন্দ্রের নেতাদের সঙ্গে গত কয়েকদিন এই বিষয়ে আলাপ করে জানা গেছে, বর্তমান সংকটপূর্ণ রাজনৈতিক দৃশ্যপটে দলের চেয়ারপারসনকে ব্যস্ত থাকতে হচ্ছে ১৮ দল আর কেন্দ্র নিয়ে। সময় সুযোগ পেলেই গণসংযোগে যাচ্ছেন ঢাকার বাইরে। এছাড়া প্রাত্যহিক দলীয় নির্ঘণ্ট আছেই। তাই জেলা-উপজেলা নেতারা ইচ্ছা করলেই চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে পারেন না। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন ইত্তেফাককে বলেন, দেশের প্রতিটি নেতা-কর্মী অধীর অপেক্ষায় প্রহর গুণছেন তারেক রহমানের জন্য। তার ফিরে আসার জন্য দলের ভেতর চাপ বাড়ছে দিনে দিনে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, তারেক রহমান চিকিত্সা শেষে দেশে ফিরে আসবেন। সেদিন বেশি দূরে নয়। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তারেক রহমান দেশে ফিরবেন তার জন্য চেয়ারপারসনের ওপর দলের সব স্তর থেকে চাপ আছে।