কক্সবাজার সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ হঠাত্ করে বেড়েছে। গত বুধবার থেকে অনুপ্রবেশের হার বাড়ছে। বুধবার একদিনে অন্তত ৩৯ জন এবং গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৩৮ জন মিয়ানমার নাগরিক ধরা পড়েছে। গত এক মাস ধরে দিনে ৫/৬ জনের বেশি ধরা পড়েনি। হঠাত্ করে রোহিঙ্গা অনুপ্রবেশ বৃদ্ধি নিয়ে সংশ্লিষ্টদের মাঝে উত্কণ্ঠা দেখা দিয়েছে। কক্সবাজার ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, বুধবার কক্সবাজার বিজিবির আওতাধীন নাইক্ষ্যংছড়ির তুমব্রু, ঘুমধুম এবং উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ২৫ জন এবং বৃহস্পতিবার ৩০ জন মিয়ানমার নাগরিক বিজিবি সদস্যদের হাতে ধরা পড়ে। এদের মানবিক সাহায্য দিয়ে একই সীমান্ত পয়েন্টে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। টেকনাফে ৪২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান, তার আওতাধীন সীমান্তে অনুপ্রবেশকালে বুধবার ১৪ জন এবং গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৮ জন মিয়ানমার নাগরিক বিজিবি সদস্যদের হাতে ধরা পড়েছে। তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
আকস্মিকভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ বৃদ্ধির ঘটনায় সীমান্তরক্ষীদের মাঝে উত্কণ্ঠা দেখা দিয়েছে বলে জানায় বিজিবি সূত্র। বিজিবি সূত্র জানায়, মিয়ানমারের আরাকানে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়ে দেশত্যাগ করে আসছে। সরকারি বাহিনী ও রাখাইন সন্ত্রাসীদের যৌথ আক্রমণে প্রায় ঘরবাড়িহারা হচ্ছে রোহিঙ্গারা। কিন্তু বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ফেরত পাঠানো হচ্ছে। গত জুনে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয়ার পর বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা আশংকাজনকভাবে বৃদ্ধি পায়। এরপর গত ১ বছরে সাগরপথে মালয়েশিয়া পালাতে গিয়ে ট্রলার ডুবে কমপক্ষে ৫শ’ রোহিঙ্গা মারা গেছে। এরপরও দেশত্যাগ থামেনি। তবে বাংলাদেশে হঠাত্ অনুপ্রবেশ বৃদ্ধির কারণ হিসাবে মিয়ানমারে কোন অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
