জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বিবিসিকে বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেসব অভিযোগের কথা বলছে তা নতুন নয়। ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার পরিষদে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে ৯৮টি দেশ মতামত দিয়েছে ও সুপারিশ তুলে ধরেছে। আমরা যে প্রতিবেদন জমা দিয়েছি তাতে এবং আমরা দৈনন্দিন কাজে মাঝে মাঝে এসব সমস্যার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। অ্যামনেস্টির রিপোর্টে আরো কিছু তথ্য থাকলে মানুষ পরিস্থিতি যাচাই করতে পারত। মানবাধিকার লঙ্ঘনের একটি ঘটনা ঘটলেও তা গ্রহণযোগ্য নয়। কিন্তু আগের যে কোন সময়ের তুলনায় এসব ঘটনা কমছে তাদের রিপোর্টে তা উল্লেখ থাকলে পরিস্থিতি বুঝতে পারতো। মানবাধিকার পরিস্থিতির কোন কোন ক্ষেত্রে উন্নতি হচ্ছে, কোন ক্ষেত্রে অপরিবর্তিত, কোন ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়া যায়নি।
মানবাধিকার কমিশনের ক্ষমতা সম্পর্কে চেয়ারম্যান বলেন, কমিশন আইন দ্বারা পরিচালিত হয়। সেই আইনেই কমিশনকে সুপারিশমূলক কর্তৃত্ব দেয়া হয়েছে। এর বাইরে কোন কিছু করার ক্ষমতা নেই। কিন্তু এর বাইরে আমরা অনেক কাজ করার চেষ্টা করেছি। বিচার বহির্ভূত অপরাধ কমার পেছনেও কমিশনের ভূমিকা আছে। কমিশন সরকারকে তদন্ত করতে, রিপোর্ট দিতে এবং ব্যবস্থা নিয়ে অবহিত করতে বলে সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয়েছে।
