রায়গঞ্জে ফলদ চারার নার্সারী করে কৃষিবিদ রফিকের স্বপ্ন পূরণ হয়েছে। এতে মাত্র ৩ মাসে তার আয় হয়েছে ৫ লাখ টাকা। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা হরিবাড়ি গ্রামে সরেজমিনে গিয়ে দেখা গেছে কৃষিবিদ রফিকুল ইসলামের লিজ নেয়া ৯০ শতাংশ জমিতে বিভিন্ন ফলদ বৃক্ষের নাসারি করে সবুজের অপূর্ব সমারোহ সৃষ্টি করেছেন।
রফিকুল ইসলাম জানান, তিনি কৃষি বিভাগে মাঠ পর্যায়ে দীর্ঘ ২৫ বছর কাজ করে বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। সেচ্ছায় অবসর নিয়ে শুরু করেন তার স্বপ্ন পূরণের কাজ। ৯০ শতাংশ জমির মধ্যে ২৫ শতাংশ জমিতে স্ট্রবেরি চাষ করেছেন। এরমধ্যে ২০ শতাংশ হাইব্রিড কামারুছা জাতের ও ৫ শতাংশ রাবি থ্রি জাতের স্ট্রবেরি। গতবছরের ২৫ নভেম্বর থেকে এপর্যন্ত স্ট্রবেরি চারা ও ফল বিক্রি করে আয় করেছেন ২ লাখ ৭০ হাজার টাকা। আরো প্রায় ১ লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করা যাবে। আগামী এক বছরে ২/৩ লাখ স্ট্রবেরি চারা বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। এছাড়াও তার নার্সারিতে রয়েছে সৌদি খেজুর, হাইব্রিড ড্রাগন (অট্রেলিয়া), কমলা, মালটা, আম, লিচু, টিস্যুকালচার কলা ও পাম। বিভিন্ন জাতের ফলের চারা রোপন ও পরিচর্যায় তার ব্যয় হয়েছে মোট প্রায় ৪ লাখ টাকা। মাত্র ৩ মাসে তার আয় হয়েছে মোট ৫ লাখ টাকা। লিজ মেয়াদের মধ্যে নার্সারি থেকে আরো আয় হতে পারে প্রায় ৮-১০ লাখ টাকা।
তার অত্যাধুনিক ফলজ নার্সারি এখন এলাকায় কৃষি বিপ্লবের মডেল। প্রতিদিন শত শত কৃষক আসেন তার নিকট এসব চাষ ও পরিচর্যার পদ্ধতি জানতে। বাংলাদেশের মাটিতে ভেষজ তেল উত্পাদনের লক্ষ্যে মালয়েশিয়ান জাতের পাম চাষও তিনি করছেন। তার নার্সারিতে এখন প্রায় ৫০ হাজার পাম চারা মজুত আছে। সৌদি খেজুর মা চারা ও বীজ থেকে ১০/১২ হাজার রোপণ উপযোগী চারা তৈরি করা হয়েছে। প্রতিটি চারা বিক্রি হচ্ছে ৩-৫ হাজার টাকায়। খেজুর চারা থেকে তার আয় হতে পারে ৫ লক্ষাধিক টাকা। লিজ নেয়া জমির ৩০ শতাংশে তিনি ৭০০ টিস্যু কালচার কলা চারা রোপণ করেছেন। মে-জুন মাসের মধ্যে ৭০০ কাদি কলা উত্পাদন হবে। যার মূল্য আসবে প্রায় আড়াই লাখ টাকা। এই কলা বাগান থেকে নতুন চারা উত্পাদন হবে প্রায় ২ হাজার। যা বিক্রি হবে প্রায় এক লাখ টাকা। ২৫ শতাংশ জমিতে ৫ হাজার কমলা ও ১০ হাজার মালটা চারা (কলম) মজুত আছে। এগুলোতে ফল ধরতে শুরু করেছে। এক্ষেত্রে মোট ব্যয় হয়েছে তার দেড় লাখ টাকা। আয় হবে প্রায় ৪ লাখ টাকা। আম্রপালি, হাড়িভাঙ্গা, গোপাল ভোগসহ উন্নত জাতের আমের কলম চারা মজুত আছে ২০ হাজার। এতে ব্যয় হয়েছে প্রায় ৩ লাখ টাকা। আয় হতে পারে ৫ থেকে ৭ লাখ টাকা বলে তিনি আশাবাদী। চায়না-থ্রি ও বেদানা লিচুর ১০ হাজার কলম চারা মজুত করা হয়েছে। ব্যয় হয়েছে প্রায় ৩ লাখ টাকা। আয় হতে পারে ৫/৬ লাখ টাকা।
পাম চাষ করে অনেক কৃষক হতাশায় ভুগছেন। এব্যাপারে রফিকুল ইসলাম বলেন, পাম ফল ক্রাসিং করে ডেইরি, পোলট্রি ও ফিস ফিডের কাঁচামাল তৈরি করে খুবই চড়া দামে বাজারজাত করা যায়। তিনি নিজেই নিজস্ব উত্পাদিত পাম ফল ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে উচ্চমূল্যে পাম ফল সংগ্রহ করে এই কাজ করছেন। এছাড়াও খুব শীঘ্রই এই পাম ফল ম্যানুয়েল মেশিনে ক্রাসিং করে তেল উত্পাদন করা যাবে। ক্রসিংয়ের বাইপ্রোডক্ট উচ্চমানের ভেষজ সার হিসাবেও তিনি কৃষকদের মাঝে সরবরাহ করবেন বলে জানান।
