ইরান থেকে তেল আমদানি কমিয়েছে ভারত
গেলো এপ্রিল মাসে ইরান থেকে ৩৪ দশমিক ২ শতাংশ তেল আমদানি কমিয়েছে ভারত। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে এ আমদানি হ্রাস ইরানী তেল আমদানি করা দেশগুলির উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক চাপ জনিত বলে মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া ইরানের বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞা ট্যাঙ্কারের বীমার প্রক্রিয়া অনেক জটিল করে তুলছে। চীনের পরে ইরান হতে তেল আমদানিতে দ্বিতীয় বড় দেশ ভারত। বড় দেশ হওয়ায় ভারতে প্রতি দিন সরবরাহ করা হয় ৩ লাখ ব্যারেলেরও বেশি তেল, যা তার চাহিদার প্রায় ১১ শতাংশ। গেলো এপ্রিল মাসের শুরুর দিকে ভারত সরকার ইরান হিন্দ শিপিং কোম্পানির কাজকর্ম বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
২০১৬ সাল নাগাদ অস্ট্রেলিয়া থেকে ব্যবসা গুটাবে ফোর্ড
অব্যাহত লোকসানের কারনে ২০১৬ সাল নাগাদ অস্ট্রেলিয়ায় উত্পাদন বন্ধের ঘোষণা দিয়েছে বিখ্যাত মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মোটর। (খবর-বিবিসি)। ৮৫ বছরের বেশি সময় অস্ট্রেয়ািয় গাড়ি উত্পাদন করছে ফোর্ড মোটরস। কিন্তু গত ৫ বছর যাবত্ ক্রমাগত লোকসান গুণে আসছে। গত পাঁচ বছরে তাদের ৬০ কোটি অস্ট্রেলিয়ন ডলারের সমপরিমান লোকসান হয়েছে। অস্ট্রেলিয়ায় ফোর্ডের প্রধান নির্বাহী বব গ্রাজিয়ানো জানিয়েছেন, ইউরোপের চেয়ে অস্ট্রেলিয়ায় ফোর্ডের উত্পাদন খরচ দ্বিগুণ আর এশিয়ার চেয়ে অন্তত চার গুণ। এভাবে লোকসান দিয়ে দীর্ঘ মেয়াদে উত্পাদন চালিয়ে যাওয়া সম্ভব নয়।
যুক্তরাজ্যের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি অপরিবর্তীত
চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাজ্যের শূন্য দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আগের প্রান্তিকেও একই হারে প্রবৃদ্ধি হয়েছে। ২০০৮ সালে বিশ্বব্যাপী মন্দা শুরু হবার পর থেকেই তা যুক্তরাজ্যকে আঘাত করে। মন্দায় বিশ্বব্যাপী চাহিদা হ্রাস পাওয়া ও যুক্তরাজ্যের অভ্যন্তরে ব্যয় করার প্রবণতা কমে যায়। বিশ্লেষকরা উল্লেখ করেছেন, মূলত সেবা খাতই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। কমে না গেলেও শুণ্য দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধিকে শক্তিশালী হিসেবে মনে করছে না বিশেষজ্ঞরা।
