চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় প্রধান অতিথি জেলা তথ্য অফিসার তাজকিয়া আকবারী বলেছেন, বর্তমান সরকার সকলের জন্য তথ্য অধিকার আইন পাস করেছে। প্রতিটি ইউনিয়ন পরিষদে চালু করা হয়েছে তথ্য সেবা কেন্দ্র। এইসব কেন্দ্রের মাধ্যমে মানুষ সহজেই তথ্য সেবা পাচ্ছে। সরকার গণমাধ্যমের প্রতি খুবই আন্তরিক। অতিরঞ্জিত করে কোন সংবাদ পরিবেশনা কাম্য নয়। গণমাধ্যম কর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
গত শনিবার সকালে ম্যাস-লাইন মিডিয়া সেন্টার-এমএমসি ও সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন-এসডিসি’র সহযোগিতায় স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম-এলজিজেএফ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে ‘নিরাপদ মত প্রকাশে মুক্ত গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভায় এলজিজেএফ’র সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন ফোরামের সম্পাদক রবিউল হাসান ডলার। সভায় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা হক শান্ত ও চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক জোনাব আলী, সাপ্তাহিক চাঁপাই প্রতিদিনের সম্পাদক রফিকুল আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের নারী সদস্য শিরিন জাহান, রানীহাটি ইউনিয়ন পরিষদের সচিব রেজাউর রহমান প্রমুখ।
