নাজিরপুরে আলোড়ন ধানের বাম্পার ফলন

আপডেট : ২৪ মে ২০১৩, ১৫:৫৬
জেলার নাজিরপুর উপজেলায় “হাইব্রিড আলোড়ন” ধানের বাম্পার ফলন হয়েছে। গত বোরো মৌসুমে হাইব্রিড আলোড়ন ধান চাষ করে একরে ৯০ মণ করে ধান পেয়েছেন স্থানীয় কৃষকরা। কৃষকের ধান ক্ষেতে শস্য কর্তন উপলক্ষে গত সোমবার উপজেলার কালিকাঠী গ্রামে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ব্র্যাকের খাদ্য ও কৃষি নিরাপত্তা কর্মসূচির জেলা ব্যবস্থাপক দুলাল মিত্র, ইউপি সদস্য সবিতা সমদ্দার, উপ-সহকারী কৃষি অফিসার নীতিশ হালদার, কৃষক দিলীপ রায় প্রমুখ। কৃষকরা জানান, আলোড়ন ধান চাষে ফলন বেশি হয়েছে। আর এ ধান চাষে তুলনামূলক খরচও কম হয়েছে। ব্র্যাকের জেলা প্রতিনিধি ফিরোজ খান জানান, ব্র্যাকের খাদ্য ও কৃষি নিরাপত্তা কর্মসূচির আওতায় একর প্রতি কৃষকদের ৯ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।