অনেক দিন ধরে একটা বিষয় লিখবো লিখবো ভাবছি। কিন্তু আর লেখা হলোনা। তবে আমার চেম্বারে যেসব নান া ক্ষেত্রে তারকারা রোগী হয়ে আসেন তাদের এ গল্পটা বলি। সর্বশেষ আমার চেম্বারে এলেন দেশের একজন শীর্ষস্থানীয় প্রিন্টিং উদ্যোক্তা। যাকে নিয়ে আমার বন্ধু রেজানুর রহমান (বর্তমানে আনন্দ আলো সম্পাদক) ইত্তেফাকে কাজ করার সময় লিখেছিলেন ‘জিরো থেকে হিরো’ নামের একটি চমত্কার গল্প। সেই মহতি উদ্যোক্তাকে আমার চেম্বারে বেশ খানিকটা সময় অপেক্ষার কারণে রোগী দেখার ফাঁকে ফাঁকে নানা কথা বলি। সাধারণত: সামরিক-বেসামরিক, প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব যারাই আসেন তারাই চেম্বারে এসে তাদের নেমকার্ডটি পাঠিয়ে দেন। আমরা যারা ছাপোষা ডাক্তার তারা হন্তদস্ত হয়ে অন্য রোগীদের সিরিয়াল ভেঙ্গে উল্লিখিত রোগীকে দেখে দেই। সঙ্গে চা-কফিও অফার করি। কিন্তু প্রিন্টিং জগতের ঐ শীর্ষ ব্যক্তিটি রিসিপশনে এক-দেড় ঘন্টা বসে সিরিয়াল অনুযায়ী ভেতরে আসলেন। এরপর যথারীতি পরিচয় হলো। জানতে চাইলাম কার্ড পাঠালেন না কেন। তিনি বিনয়ের সঙ্গে বললেন, আমার জন্য অন্যদের অসুবিধা হোক তা আমি চাইনি। বিশিষ্ট রোগীকে আমার চেম্বারে আরও খানিকটা সময় থাকতে হলো। প্রসঙ্গক্রমে গল্পটা বললাম।
গত রমজানের কথা। প্রতি রমজানে দরিদ্র ও নিম্ন আয়ের রোগীদের জন্য আমি নাম মাত্র সম্মানিতে লেজার ও কসমেটিক সার্জারি করে থাকি। কাপাসিয়া থেকে মধ্য বয়স্ক এক ভদ্র মহিলা আসেন। মুখের দাগের লেজার করবেন। অর্থ সম্পদ তার কিছুই নেই। গ্রামে মুড়ি ভেজে ক্রিয় করেন। মোটামুটি ছোট-খাট এক বস্তা মুড়ি নিয়ে আমার চেম্বারে। ভদ্র মহিলা বললেন, স্যার আমার কোন টাকা-পয়সা নেই। মুড়ি বিক্রয় করে সংসার চালাই। স্যার একটু লেজার করে দেবেন। পাঠক আপনারা কিভাবে নেবেন জানিনা। তবে আমি খুব গর্ববোধ করি এ কারণে যে গ্রামের এক মুড়ি ভাজা ভদ্র মহিলার কাছে আমরা লেজার নামের আধুনিক চিকিত্সা বার্তা পৌছে দিতে পেরেছি। এটা আমার কাছে অনেক গর্বের। আমাদের একটা ভিশন আছে- আমারা কতিপয় ব্যক্তি দেশে এমন একটি আধুনিক লেজার সেন্টার সেন্টার করবো যেখানে আমরা কেহই প্রফিট নেবনা। গরীব ও স্বল্প আয়ের লোকদের নাম মাত্র মূল্যে ত্বকের আধুনিক চিকিত্সা দেবো। বিশেষ করে শ্বেতী রোগীদের। যা নিয়ে আমাদের সমাজে কুসংস্কার রয়েছে অনেক। বিড়ম্বনা পোহাতে হচ্ছে শত তরুণী-নারীদের।
থাক এসব কথা। ঢাকা শহরে এখন ত্বকের আধুনিক চিকিত্সায় বেশ কয়েকটি লেজার ও এসথেটিক সেন্টার গড়ে উঠেছে। তন্মধ্যে লেজার মেডিক্যাল সেন্টার, লেজারট্রিট, কসমেটিক সার্জারী সেন্টার, লেজার এসথেটিক, লেজার চেইন ইত্যাদি বেশ ভাল করছে। লেজার মেডিক্যালের ডা: জাহানারা
ফেরদৌস এবং লেজার ট্রিটের ডা: শামীম। এরা দু’জনেই নিজ নিজ অবস্থানে খুব ভাল করছেন। আর সত্যি কথা বলতে লেজার মেডিক্যাল সেন্টারতো এদেশে লেজার চিকিত্সাকে জনপ্রিয় করতে শুরু থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশে লেজার চিকিত্সার সফল উদ্যোক্তা হিসেবেও তার খ্যাতি রয়েছে। আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে এসব লেজার ও এসথেটিক সেন্টার নিয়ে বিস্তারিত লিখবো।
আমার লেখনীর বিষয়ে ফিরে আসি। এখানে বলে রাখা ভালো আমার শ্লোগান হচ্ছে ‘কম খরচে চিকিত্সা’। সে কারণে অতি উচ্চ বিত্তরা আমার কাছে নিতান্তই কম আসে। সাধারণত: নানা শ্রেণী-পেশার রোগীদের মধ্যে তিন শ্রেণীর রোগীদের আগমণ বেশী লক্ষ্য করছি। এরা সবাই তরুণী বা মহিলা। এক: যাদের স্বামী বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইটালিসহ বিভিন্ন দেশে কর্মজীবী হিসাবে রয়েছেন। দুই: যাদের স্বামী বিদেশে থাকেন এবং যারা আগামী তিন থেকে ৬ মাসের মধ্যে স্বামীর কাছে যাবেন।
তিন: যাদের স্বামী দেশেই আছেন এবং তাদের মহাপতিগণ স্ত্রীর চেহারা নিয়ে প্রকাশ্যে-অপ্রকাশ্যে সন্তষ্ট নন। এই তিন শ্রেণীর রোগী ছাড়াও অন্যান্য রোগী আসেন। কিন্তু তাদের সমস্যা নিয়ে আজকের লেখার বিষয় নয়। যাদের স্বামী বিদেশে থাকে এবং যারা স্বামীর কাছে যাবেন তাদের চিকিত্সার মোটামুটি লক্ষ্য বিদেশে থাকা স্বামীরা যাতে আকৃষ্ট থাকেন। মূলত: ব্রণ, মেছতা, ব্রাইটেনিং, বডি শেপিং, চুলের সমস্যা নিয়েই এরা আসেন এবং এদের আসাটা স্বাভাবিক। সর্বশেষ যে মহিলা আসলেন যাদের স্বামী দেশে আছেন এবং যারা তাদের স্ত্রীদের চেহারাটি দেখে সন্তষ্ট নন, অথবা চেহারায় পরিবর্তন চান। এই শ্রেণীর ভদ্র মহিলাগণ অনেক সময় চেম্বারে এসে কেদে ফেলেন। তাদের স্বামীগণ যেন আবার আকৃষ্ট হয় তাই চান। অনেকে থাকেন স্বীমী পরিত্যাক্তা। আবার জীবন শুরু করতে চান। ঝেড়ে মুছে ফেলতে চান সংসারে স্বামীর নানা কারণে অসহযোগিতা-নিপিড়নের শেষ চিহ্নটুকু। অনেক আসা নিয়ে আমাদের কাছে আসেন। কতটুকুই বা আমরা সাহায্য করতে পারি। যা আমি সব সময় বলে থাকি লেজার কোন ম্যাজিক বা যাদু নয়। সব ক্ষেত্রেই আমরা সাহায্য করতে পারিনা। তবে অবাঞ্চিত লোম, জন্মদাগ, ব্রণ, তিল, আচিলসহ নানা ক্ষেত্রে ভালো চিকিত্সা রয়েছে। এটা বলা যায়। আমরা লেজার, এসথেটিক টিটমেন্ট, মহিলা-পুরুষদের এন্টি এজিং নিয়ে আগ্রামীতে নানা বিষয়ে লিখবো। তবে যেখানেই চিকিত্সা নেন না কেন না বুঝে না শুনে চিকিত্সা নেবেন না। কারণ অনেক ক্ষেত্রে চিকিত্সার নামে প্রতারণা ও মিথ্যা আশ্বাসের ঘটনাও কম নয়।
