‘সংলাপ শুরুর জন্য প্রস্তুত উত্তর কোরিয়া’

আপডেট : ২৪ মে ২০১৩, ২০:৪২
উত্তর কোরিয়া সংলাপের শুরু করার জন্য প্রস্তুত। চীন সফররত অবস্থায় উত্তর কোরিয়ার একজন বিশেষ দূত বলেছে, পিয়ংইয়ং ‘সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সংলাপ’ শুরু করার জন্য প্রস্তুত। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, চীনের পরামর্শ মেনে নিয়ে উত্তর কোরিয়া আলোচনা শুরু করতে রাজি হয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এর বিশেষ দূতের উদ্ধৃতি দিয়ে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানিয়েছে। উত্তর কোরিয়ার তৃতীয় পারমাণবিক অস্ত্র পরীক্ষা এবং পরমাণু কর্মসূচি নিয়ে চীনের হুঁশিয়ারিতে কর্ণপাত না করায় পিয়ংইয়ং-বেইজিং সম্পর্কে সৃষ্ট টানাপড়েনের মধ্যে গত বুধবার চীনে দূত পাঠান কিম জং উন। উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক পরিষদের ভাইস চেয়ারম্যান চোই রিয়ং-হাইয়ের নেতৃত্বে প্রতিনিধিদল যায় চীনে। ছয় মাসের মধ্যে এটিই দু’দেশের সবচেয়ে উচ্চ-পর্যায়ের যোগাযোগ। চোই এর চীন সফরের দ্বিতীয় দিনে আলোচনার ব্যাপারে ওই মন্তব্য এল। চোই চীনের কর্মকর্তাদেরকে বলেছেন, ‘উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং এ অঞ্চলের সমস্যা নিয়ে আলোচনায় ফেরার জন্য চীনের প্রাণান্তকর প্রচেষ্টাকে স্বাগত জানায়। একইসঙ্গে উত্তর কোরিয়া সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনায় বসার চীনের পরামর্শও মেনে নিতে ইচ্ছুক।’ প্রসঙ্গত, চীন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার এবং ঘনিষ্ঠ মিত্র। কিন্তু তৃতীয় দফা পরমাণবিক পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কঠোর করার সিদ্ধান্ত সমর্থন করে চীন। এরপর দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে। গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষা চালানোর পর কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়ে যায়। পরমাণু পরীক্ষার জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে ‘যুদ্ধাবস্থায়’ প্রবেশ করারও ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে হামলার হুমকি দিয়ে তারা রকেট তাক করে। পরবর্তীতে উত্তেজনা কমে আসলেও দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এখনও হয়নি উত্তর কোরিয়ার।