ওয়েবক্যাম চালু রেখে স্ত্রীর আত্মহত্যা
ইন্টারনেটে কথা বলতে বলতেই মাঝপথে উঠে গিয়ে আত্মহত্যা করলেন এক তরুণী। আর ওয়েবক্যামের দৌলতে গোটা ঘটনাটা দেখলেন তার স্বামী। পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের বাসিন্দা শোভনা (২৭) ও তার প্রেমিক স্বপ্নিল কিছুদিন আগে আদালতে গিয়ে বিয়ে করেন। তরুণীর পরিবারের অভিযোগ, বিয়ের পর পণের জন্য চাপ দিতো তার স্বামীর পরিবারের লোকজন। তাই বাবা-মায়ের কাছেই থাকতেন ঐ তরুণী। বুধবার স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জের ধরে তিনি আত্মহত্যা করেন। শোভনার মোবাইল ফোন ও ল্যাপটপ পরীক্ষা করে দেখছে পুলিশ। —আনন্দবাজার পত্রিকা
সুইডেনে দাঙ্গায় পুড়ছে গাড়ি স্কুল, পুলিশ স্টেশন
শান্তির দেশ সুইডেনে চলা দাঙ্গায় পুড়ে গেছে অন্তত ৯টি গাড়ি, ২টি স্কুল ও একটি পুলিশ স্টেশন। পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মীরা বলছে, স্টকহোমের অভিবাসী অধ্যুষিত শহরতলী এলাকায় শুক্রবার পঞ্চম দিনের মতো দাঙ্গা চলে। দাঙ্গার কারণে অভিবাসীদের দেশের মূল স্রোতে নিয়ে আসার বিতর্ক সামনে উঠে এসেছে। কারণ দেশটির মোট জনসংখ্যার ১৫ শতাংশ অভিবাসী। তারা দেশের মূলধারা থেকে বিচ্ছিন্ন এবং অনেকটাই অবহেলিত। এ ঘটনায় বিশ্বে শান্তি ও সমপ্রীতির দেশ হিসেবে পরিচিত স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেনের ভাবমূতি বর্তমানে ভীষণ নাজুক হয়ে পড়েছে। তবে দেশটিতে এবারই প্রথম এ ধরণের দাঙ্গার ঘটনা ঘটেনি। এর আগে ২০১০ ও ২০০৮ সালে স্বল্পপরিসরে সুইডেনে দাঙ্গার ঘটনা ঘটে। শুক্রবার পুলিশ সুইডিশ বার্তা সংস্থা টিটিকে বলেছে, রাতের দাঙ্গার কারণে ৮জনকে আটক করা হয়েছে। তবে জ্বালাও পোড়াও’র কারণে কেউ হতাহত হয়নি। পুলিশ বলেছে, দাঙ্গাকারীদের থামাতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। গাড়ি পোড়ানো হয় এবং এলভোসজিতে একটি পুলিশ স্টেশনে আগুন দেয়া হলে তাড়াতাড়ি তা নিভিয়ে ফেলা হয়। রবিবার হাসবি শহরতলিতে এ দাঙ্গার সূত্রপাত। -এএফপি
‘মদের আড্ডায় স্টালিন-চার্চিল’
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মস্কোয় তত্কালীন সোভিয়েত নেতা যোসেফ স্টালিন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একবার সারারাত মদ খেয়ে কাটিয়েছিলেন বলে সম্প্রতি প্রকাশিত এক গোপন নথিসূত্রে জানা গেছে। ব্রিটিশ ন্যাশনাল আর্কাইভ প্রকাশিত নথি অনুযায়ী ১৯৪২ সালে যুদ্ধ চলাকালে এ ঘটনা ঘটে। এই বৈঠকের আগে দুই নেতার মধ্যে সম্পর্ক উষ্ণ ছিল না। মধ্যস্থতাকারীদের সহায়তায় চার্চিল গোপন অন্তরঙ্গ এ বৈঠকের উদ্যোগ নিলে তাদের সম্পর্কের বরফ গলে। তত্কালীন ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী স্যার আলেকজান্ডার কাডোগান জানান, ঐ বৈঠকে স্টালিন ও চার্চিলের সঙ্গে মলোটোভও যোগ দিয়েছিলেন। কডোগান সেখানে টেবিলে পান বাচ্চা শূকরের মাংসের পাশে অসংখ্য মদের বোতল। —রয়টার্স
গ্যালাক্সির মহামিলন
১১ বিলিয়ন আলোকবর্ষ দূরে দু’টি গ্যালাক্সির একীভূত হওয়ার বিরল ঘটনা উদ্ঘাটন করেছেন জোতির্বিজ্ঞানিরা। ইউরোপ মহাকাশ সংস্থার হার্শেল মহাশূন্য পর্যবেক্ষণ কেন্দ্রের টেলিস্কোপে এই বিরল ঘটনা ধরা পড়েছে। ইউরোপীয় এই সংস্থার সঙ্গে এই প্রকল্পে একযোগে কাজ করছে মার্কিন মহাশূন্য সংস্থা নাসাও। হার্সেল ছাড়াও নাসার হাবল স্পেস টেলিস্কোপ ও স্পিটজার স্পেস টেলিস্কোপসহ ভূমি আর মহাশূন্যের অনেকগুলো টেলিস্কোপের পাওয়া উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, বহুদূরের দু’টি গ্যালাক্সি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে; আর তাতে জন্ম নিচ্ছে নতুন নতুন নক্ষত্র। গবেষকরা ধারণা করছেন, শেষ পর্যন্ত ঐ জুটি বিশালাকায় একটা ডিম্বাকার গ্যালাক্সিতে পরিণত হবে। -বিডিনিউজ টোয়েন্টিফর ডটকম
