জাতীয় কবি কাজী নজরুল ইসলামে স্মৃতিবিজড়িত দামুড়হুদার কার্পাসডাঙ্গায় কোনো স্মৃতিসৌধ গড়ে ওঠেনি। প্রতিবছরের মতো এবারও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে্। স্মৃতিবিজড়িত স্থানটি পর্যটন কেন্দ্র ও নজরুল নগর নামকরণের দাবিতে বিভিন্ন সময় এলাকাবাসী তত্পর হলেও জাতীয়ভাবে উদ্যোগ নেয়া হয়নি। এলাকার মুরুব্বি ও প্রবীণরা সাংবাদিকদের জানিয়েছেন, তত্কালীন কার্পাসডাঙ্গার জমিদার মহিম সরকার কলকাতার হার্ম স্ট্রিটে থাকাকালীন অবস্থায় এবং তারই নিমন্ত্রণে নজরুল পত্নী প্রমিলা, শাশুড়ী গিরিবালা এবং পুত্র বুলবুলসহ সপরিবারে ১৯২৬ ও ২৭ সালে কার্পাসডাঙ্গার খ্রিষ্টান অধ্যুষিত পল্লীতে আসেন। কবি এখানে আসার পর রাতেরবেলায় স্বদেশী আন্দোলন করতেন এবং দিনে জমিদারের দুই কন্যা শিউলি রানী সরকার ও আভা রানী সরকারকে গান শেখাতেন। কার্পাসডাঙ্গার ভৈরব নদের পাড়ে শিমুলতলার ছায়ায় বসে কবি সেই বিখ্যাত নাটক পদ্মগোখরো, কোন কূলে আজ ভিড়লো তরি গানসহ বেশ কিছু বিখ্যাত কবিতা, গল্প,উপন্যাস লিখেছেন। ১৯৯০ সালের দিকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের পক্ষ থেকে কবির স্মৃতিবিজড়িত স্থানগুলো চিহ্নিত করে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছিল। কবি মহিম সরকারের যে আটচালা বাড়িতে উঠেছিলেন সে বাড়িটি ব্যক্তি উদ্যোগে আজও অক্ষত অবস্থায় রাখা হয়েছে।
এলাকাবাসীর দাবি- কবি নজরুলের বহু স্মৃতিবিজড়িত কার্পাসডাঙ্গার এই স্থানটি পর্যটন কেন্দ্র ও নজরুল নগর হিসেবে গড়ে তোলা হলে জাতীয় কবির স্মৃতি এই প্রজন্মের ছেলে-মেয়েরা জানতে পার। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ জানালেন, কবি নজরুলের স্মৃতিবিজড়িত স্থানটির মানোন্নয়নে তেমন কোনো অগ্রগতি নেই। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া আফরিন জানান, স্থানীয় প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এলাকাবাসীর দাবি নজরুল নগর ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হলেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
