আজ ২৫মে, এদিনের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলার কথা মনে পড়লে শরীর শিউরে ওঠে। ২০০৯ সালের এ দিনে ঘটে যায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলে স্মরণাতীত প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলা। জলোচ্ছ্বাসে ভেসে যায় বেড়িবাঁধ, অসংখ্য ঘরবাড়ি, হাজার হাজার হেক্টর ফসলি জমি এবং সহস্রাধিক মত্স্য ঘের। আইলার ভয়াবহ জলোচ্ছ্বাসে কয়রা উপজেলার ৬টি ইউনিয়ন পুরোপুরি লোনা পানিতে তলিয়ে যায়।
একাধিক সূত্রে জানা গেছে, এ পর্যন্ত সুন্দরবন উপকূলীয় কয়রার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ রক্ষা, কৃষি পুনর্বাসন, শিক্ষা স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়নি। দীর্ঘ ৪টি বছর পার হলেও ক্ষতিগ্রস্ত অনেক পরিবার আজও তাদের বাস্তভিটায় ফিরতে পারেনি। এখনো শত শত পরিবার বিভিন্ন বেড়িবাঁধের ওপর ঝুপড়ি বেঁধে মানবিক বিপর্যয়ের মধ্যে বসবাস করছে। উপজেলার কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর ৮০ কিঃমিঃ বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ থাকায় নদীভাঙন আতঙ্কে রয়েছে এখানকার অধিবাসীরা।
এদিকে গত সপ্তাহে গাববুনি বাঁধ ধসে কপোতাক্ষে বিলীন হলে সেখানে বসতবাড়ি, চিংড়িঘের তলিয়ে যায়। পাউবো কর্তৃপক্ষ সময়মত পদক্ষেপ নিলে হয়ত এ ধরনের ক্ষতির সম্মুখীন হতে হতো না বলে স্থানীয় লোকজন জানায়। একই অবস্থা পবনা ক্লোজারের উত্তর মাথায় লঞ্চঘাট সংলগ্ন বেড়িবাঁধে। সেখানে প্রতিনিয়ত নদী ভাঙনে বেড়িবাঁধ নিশ্চিহ্নূ হওয়ার উপক্রম।
আইলার ৪ বছর পার হয়ে গেছে কিন্তু তীব্র লবণাক্ততায় কৃষকরা তাদের জমিতে আজও ফসল লাগাতে পারেনি। স্লুইজ গেটগুলো অকেজো থাকায় পানি নিষ্কাশনের কোন সুযোগ নেই।
মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মনিরুজ্জামান বলেন, আইলা বিধ্বস্ত কয়রা এলাকার মানুষের আয়ের কোন উত্স নেই। চিংড়িঘেরে নানা প্রতিবন্ধকতা, কৃষি উত্পাদন নেই, গোটা এলাকা লবণাক্তার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে। যে কারণে এলাকার মানুষ কাজের সন্ধানে প্রতিবেশী দেশ ভারতে পাড়ি জমাচ্ছে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, আজ ভয়াল ২৫মে। ২০০৯ সালের এই দিনে সাতক্ষীরাসহ উপকূলীয় কয়েকটি জেলা আইলার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় । ১ লাখ ২৮ হাজার ২২৯টি পরিবার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। মারা যায় শতাধিক মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ও পদ্মপুকুর এবং আশাশুনি প্রতাপনগর ইউনিয়ন।
আইলা বিধ্বস্ত বিস্তীর্ণ অঞ্চল ঘুরে দেখা যায় চার বছরেও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনঘেঁষা আইলা দুর্গত গাবুরা এবং পদ্মপুকুর ও প্রতাপনগর ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ।
