পরীক্ষায় ভাল ফল করেও প্রতিবেশীসহ বন্ধুদের মিষ্টিমুখ করানোর মত টাকা ছিলো না মেহেরপুরের দেবাশিষ সাহার। ভান্ডারিয়ার আসাদুজ্জামানের অনিশ্চিত হয়ে পড়েছে উচ্চশিক্ষা। বোদায় কাঠুরিয়ার পুত্র ফারুক হোসেন পেয়েছে জিপিএ-৫। দারিদ্র্যকে জয় করেছে আড়াইহাজারের সাকিল ও সিয়াম। শত অভাব দমাতে পারেনি ঝিনাইদহের মহেশপুরের মামুনকে। এসব দরিদ্র অথচ মেধাবী মুখের খবর তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা।
মেহেরপুর
পরীক্ষার ফল পেয়ে প্রতিবেশীসহ বন্ধুদের মিষ্টিমুখ করানোর মত টাকা না থাকায় এক প্যাকেট চিপস কিনে বিতরণ করেছিলাম। নিজের কাছে খুব খারাপ লাগলেও করার কিছুই ছিলো না। মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে পাস করার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বোসপাড়ার অতি দরিদ্র ও মেধাবী ছাত্র দেবাশিষ সাহা এ কথা বলে। বাসের সুপারভাইজার সমীর কুমার সাহার ৩ ছেলে ২ মেয়ের মধ্যে দ্বিতীয় দেবাশিষ। তার মেধার প্রতি আকৃষ্ট হয়ে মেহেরপুর টেনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মোজাম্মেল হক, শরিফউদ্দিন এবং আব্দুর রাজ্জাক বিনা বেতনে তাকে প্রাইভেট পড়িয়েছেন। দেবাশিষের স্বপ্ন প্রকৌশলী হওয়ার। তার স্বপ্ন-পূরণ হতে পারে সমাজের বিত্তশালীদের সহযোগিতায়।
ভাণ্ডারিয়া(পিরোজপুর)
ভাণ্ডারিয়ায় চা-পানের দোকানি আবু হোসেন খলীফা ও সুফিয়া বেগমের ৩ সন্তানের মধ্যে বড় ছেলে মোঃ আসাদুজ্জামান বাপ্পী ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এখন অনিশ্চিত হয়ে পড়েছে তার উচ্চশিক্ষা। সে চায় ভবিষ্যতে ডাক্তারি পড়তে। বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংকর দাস জানান- ছেলেটি মেধাবী কিন্তু পরিবার খুবই অসচ্ছল। বিত্তবানদের আর্থিক সহযোগিতা পেলে ভবিষ্যতে এগুতে পারবে।
বোদা (পঞ্চগড়)
পঞ্চগড়ের আলমডাঙ্গা আদর্শ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় বোদা উপজেলার ষাট বেংহারী গ্রামের দফিরউদ্দীন কাঠুরিয়ার পুত্র মোঃ ফারুক হোসেন জিপিএ-৫ পেয়েছে। দারিদ্র্যের মধ্যে ফারুক কঠোর পরিশ্রম করে ভাল ফল করেছে শুনে তার পিতা-মাতাসহ গ্রামবাসী আনন্দ ধরে রাখতে পারেনি। ফারুকের ইচ্ছা আরো পড়াশুনা করে একজন আদর্শ শিক্ষক হওয়া।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
দারিদ্র্যকে জয় করেছে ওরা দু’জন। ব্যবসা শিক্ষা বিভাগে উভয়েই জিপিএ-৫ পেয়েছে। সিয়াম মোল্লা ও সাকিল দু’জনেই দরিদ্র পরিবারের সন্তান। সিয়াম জিপিএ-৫ এবং সাকিল শিকারী পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। কল্যান্দী মোল্লাবাড়ির দিনমজুর হাছেন মোল্লা অনেক কষ্টে ছেলে সিয়ামকে পড়াশুনা করাচ্ছেন। পড়াশোনার ফাঁকে পিতার সাথে প্রায়শ দিনমজুরের কাজে যেতে হত সিয়ামকে। কিন্তু এখন ছেলেকে কলেজে ভর্তি করার সামর্থ্য নেই। তাই সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন তার পিতা। আর সাকিলের পিতা করিম শিকারী মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের দপ্তরী। অভাবের সংসারে ২ ভাই ও ১ বোনের মধ্যে সাকিল বড়। ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে অনেক কষ্টে সে পড়াশোনার খরচ চালিয়েছে। তবুও দরিদ্রতার কাছে হার মানেনি সাকিল। সে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছে। সাকিল উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবারের হাল ধরতে চায়।
মহেশপুর (ঝিনাইদহ)
মহেশপুর পল্লী গ্রামের ছেলে মামুনের পিতা এলাকার ক্ষুদ্র জুতা ব্যবসায়ী। সংসারের অভাবকে পিছনে ঠেলে জিপিএ -৫ পেয়েছে এবং সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু দরিদ্রতা সে স্বপ্ন পূরণ হতে দেবে কিনা সে জানে না। উপজেলার সামন্তা চারাতলা পাড়ার ২ ছেলেমেয়ের মধ্যে মামুন বড়। বাবা ঠিকমত সংসার ও আমার লেখাপড়ার খরচ যোগাতে পারে না, অল্প কিছু জমি আছে। তারপরও সামনের দিকে এগুতে চায় মামুন। এজন্য হূদয়বান ব্যক্তিদের সহযোগিতা চেয়েছে তার পরিবার।
