নড়াইলে গরুচোর সন্দেহে গণপিটুনিতে কামাল হোসেন (৩৭) নামে একজন নিহত হয়েছে। নিহত কামাল যশোর শহরের নুরপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। এ সময় গণপিটুনিতে অপর দুইজন গরুচোর আহত হয়েছে। বিক্ষুব্ধ জনগণ চোরদের পিকআপটি ভাংচুর করে। আহতরা হলো যশোর শহরের নুরপুর এলাকার হান্নান খন্দকারের ছেলে আলমগীর খন্দকার (৪০) এবং দৌলদি এলাকার রবিউল মিয়ার ছেলে রসুল (৩২)। আহতদের যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে সদর উপজেলার আউড়িয়া গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কামালসহ আহত অপর দু’জন শুক্রবার ভোররাতে সদর উপজেলার আউড়িয়া গ্রামের মাজেদ সিকদারের বাড়ির পাশে পিকআপ রেখে গরু চুরি করতে যায়। বিষয়টি স্থানীয় লোকজন বুঝতে পেরে ওই তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এ ঘটনা রাতেই সদর থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে কামাল হোসেনের মৃত্যু হয়। আহত অপর ২ জনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
