সাতক্ষীরার তালায় হালখাতার টাকা পরিশোধ না করায় আবুল হাশেম (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে দোকানদার। সে তালা উপজেলার জেয়ালা গ্রামের মৃত. রহিম বক্স মোড়লের পুত্র। বৃহস্পতিবার রাতে জেয়ালা ও চন্ডিপুর গ্রামের মধ্যবর্তী স্থানে তাকে পিটিয়ে হত্যা করা হয়। পাওনা ৪শ’ টাকার মধ্যে মাত্র ১ শ’ টাকার হালখাতা করতে গেলে দোকানদার চন্ডিপুর গ্রামের জবেদ আলী গাজীর পুত্র শহিদুল ইসলাম তাকে পিটিয়ে হত্যা করে বলে নিহতের স্বজনরা জানান। গতকাল শুক্রবার সকালে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতক শহিদুল পালিয়ে গেছে। তবে ঘটনাস্থল তালা ও ডুমুরিয়ার সীমান্তে হওয়ায় কোন থানায় মামলা হবে তা নিয়ে দু’থানার পুলিশের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।
