রাজৈরে চাঞ্চল্যকর মজিবর হত্যা রহস্যের জট খুলেছে

আপডেট : ২৪ মে ২০১৩, ২১:০৮
রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের চাঞ্চল্যকর মজিবর হত্যার রহস্যের জট খুলেছে। হত্যার পরিকল্পনাকারী কহিনুর বেগম মঙ্গলবার রাতে গ্রেফতারের পর বুধবার আদালতে স্বীকারোক্তি জবানবন্দীতে জানায়, আমার সহজ-সরল স্বামী সার্কাস পার্টির কর্মী হওয়ায় নানা জায়গায় ঘুরে বেড়াতো। ১২/১৩বছর পূর্বে এ গ্রামের সিরাজ শেখ খুন হয়। এ মামলার আসামি ছিল মজিবর । এ কারণে মাঝে মাঝেই রাতে এসে আমাদের ঘরে পালিয়ে থাকতো। সম্পর্কে চাচী হলেও এ সুবাদে তার সাথে ঘনিষ্ঠতা বেড়ে যায়। ৭/৮মাস পূর্বে মজিবর পরিচয় করিয়ে দেয় তার বন্ধু পার্শ্ববর্তী গ্রামের চিন্দুর সাথে এবং অবৈধ সম্পর্কের কথাও জানিয়ে দেয়। আসা-যাওয়ার সুযোগে চিন্দুর সাথেও সখ্যতা গড়ে ওঠে এবং চিন্দু আমাকে জিম্মি করে ফেলে ও সম্পর্ক গড়ে তোলে। প্রেমিক মজিবরের লোলুপ চোখ পড়ে পুত্রবধূ এবং আমার নাবালিকা মেয়ের উপর । তাদেরও ভোগ করতে মরিয়া হয়ে ওঠে প্রেমিক মজিবর। এতে আমি ক্ষিপ্ত হয়ে উঠি এবং প্রেমিক মজিবরের হাত থেকে পুত্রবধূ ও নাবালিকা মেয়েকে রক্ষায় আরেক প্রেমিক চিন্দুর সাহায্য কামনা করলে সে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং হত্যা পরিকল্পনা করি। পরিকল্পনামাফিক ২ মার্চ শনিবার রাতে ফোন করে যাত্রা গানের আসর থেকে মজিবরকে ডেকে এনে আমার ঘরে ঘুম পাড়িয়ে রেখে চিন্দুকে খবর দেই । চিন্দু ও তার তিন সহযোগী এসে ঘুমন্ত অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে মজিবরকে হত্যা করে বস্তাবন্দী করে কুমার নদীতে ফেলে দেয় । পুলিশ ৫মার্চ কুমার নদীর পাড় থেকে মজিবরের বস্তাবন্দী লাশ উদ্ধার করে । এক পর্যায়ে এলাকা থেকে পালিয়ে যাই । একবার মনে করেছিলাম পুলিশে ধরা দেব। টাকা না থাকায় থানায় যেতে পারিনি । বাদী যাদেরকে এ মামলায় আসামি করেছে তারা কেউই এ হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় । বাদী হাবিব হাওলাদার বিভিন্ন প্রলোভন দেখিয়ে এজাহারভুক্ত আসামিদের নাম বলতে আমাকে চাপ প্রয়োগ করে আসছিল। তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত) এমদাদুল হক জানায়, ইতিপূর্বে হত্যাকাণ্ডের সাথে জড়িত চিন্দু শেখ ও সহযোগী কামরুলকে গ্রেফতার করা হয়েছে। তারাও বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।