দহগ্রাম-আঙ্গুরপোতার জনগণ দীর্ঘ ৪৭ বছর অবরুদ্ধ থাকার পর সরকারের দক্ষ পররাষ্ট্রনীতির কারণে ১৯৯২ সালের ২৬ জুন তিন বিঘা করিডোর খুলে দেওয়ার মাধ্যমে বন্দীদশা থেকে মুক্তি পায়। যুক্ত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সঙ্গে। সেখানে চালু হয় বাংলাদেশি আইন-কানুন। সরকারের আন্তরিকতায় গড়ে ওঠে দুটি বিজিবি ক্যাম্প, একটি পুলিশ ফাঁড়ি, একটি হাসপাতাল, একটি উচ্চ বিদ্যালয়, ৬টি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি সাব পোস্টঅফিস। সেখানকার মাটিতে কৃষক সোনা ফলায়। জমিতে জন্মে ধান, পাট, ভুট্টা, আলু, বাদাম, তরমুজ ও পটলসহ নানাবিধ ফসল। এছাড়াও হাজার হাজার মণ ফসল বিক্রি হয় পাটগ্রাম উপজেলার হাট-বাজারে। মাটি খুঁড়লেই নুড়িপাথর, বালি পাওয়া যায়। দিন বদলের হাওয়ায় বদলে গেছে দহগ্রাম-আঙ্গুরপোতার সামাজিক অবস্থা। সেখানকার শিক্ষার হার প্রায় শতভাগ। সবকিছুই দহগ্রাম-আঙ্গুরপোতার জনগণের হাড়ভাঙা পরিশ্রমের ফসল।
সরকারের সহযোগিতা পেলে বিরাজমান সমস্যা দূর হলে আরো উন্নত হতো বলে আমার বিশ্বাস। যেমন ঘরে ঘরে বিদ্যুত্ দেওয়ার কথা থাকলেও তা এখনও সম্ভব হয়নি। স্থানীয়ভাবে তহশিল অফিস নেই। দায়িত্বপ্রাপ্ত কোনো অফিসারও নেই। এক কথায় খাজনা নেওয়ার কোনো ব্যবস্থা নেই। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। স্থানীয়ভাবে কৃষি ব্যাংকের শাখা একটি দরকার।
ভূমি রেজিস্ট্রেশন বন্ধ আছে। তা চালু করা দরকার। ভূমি রেজিস্ট্রেশন বন্ধ থাকায় মানুষ সীমাহীন দুর্ভোগের মধ্যে আছে। গ্রামভিত্তিক অর্থনীতিতে কারো মেয়ের বিয়ে বা ছেলেমেয়ের লেখাপড়ার খরচ, বিদেশ গমন প্রভৃতি কাজে মোটা অংকের টাকার প্রয়োজন হলে কৃষক তার শেষ সম্বল হিসাবে ভূমি বিক্রি করে সেই টাকার যোগান দেয়। যারা ভূমিহীন তারা কষ্টে সৃষ্টে টাকা-পয়সা জোগাড় করে এক টুকরো জমি কিনে বসতবাড়ি গড়ে।
কিন্তু পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গুরপোতায় ভূমি রেজিস্ট্রেশন বন্ধ থাকার প্রসঙ্গে পাটগ্রাম উপজেলা সাবরেজিস্ট্রার মো. বদিয়ার রহমান মণ্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের চিঠি আছে— কোনো জমির খাজনা পরিশোধ না করলে সেই জমি রেজিস্ট্রি করা যাবে না। দহগ্রাম-আঙ্গুরপোতার জমির খাজনা দেওয়ার মতো সুনির্দিষ্ট কোনো তহশিলদার অফিসই নেই। খাজনা দেবে কোথায়? পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ী তহশিলদার মো. নজরুল ইসলামের কাছে খোঁজ নিয়ে জানা গেলো যে, দহগ্রাম-আঙ্গুরপোতায় ভূমির খাজনা নেওয়ার কোনো সরকারি অর্ডার নেই। তাহলে?
ভূমি রেজিস্ট্রেশন না হওয়ায় মৌখিকভাবে শুধুমাত্র দখল হস্তান্তরের মাধ্যমে জমি বিক্রি করছে জনগণ। তাতে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে এইরূপ অবস্থা চললে মামলা-মোকদ্দমাসহ নানা রকম প্রতারণার শিকার হবে জনগণ। তাই সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের প্রতি আবেদন এই যে, বিষয়টি সুনজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভূমি রেজিস্ট্রেশন অবিলম্বে চালু করা হোক।
লালমনিরহাট
