গ্রীষ্মের প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে বিবিধ ফলের প্রতি আমরা আকৃষ্ট হই। এরা মহৌষধ হিসাবে আমাদের নিভৃতে কাজ করে। গরমে ভাইরাসজনিত সর্দি-কাশি, ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হই। এক্ষেত্রে ভিটামিন ই, পটাশিয়াম, প্রোটিন ও ফ্যাটযুক্ত ফলমূলের গুণাগুণ মৌসুমি রোগসমূহের প্রতিকারে উল্লেখযোগ্য অবদান রাখে। মানব দেহের উপকারী উপাদান ভিটামিন বি-৬, ফাইবারকপার, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম, পেকটিন, ফাইবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীরে জমা ক্ষতিকর কোলেস্টোরলের মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে। খোশ-পাঁচরায় নিরাময়যোগ্য ফলের রস ত্বক ফর্সা, সুন্দর হতে সাহায্য করে। স্মৃতিশক্তি বাড়াতে, দৃষ্টিশক্তি উন্নত করতে, রাতকানা রোগ প্রতিকারে, হূদরোগের ঝুঁকি কমাতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, ওজন কমাতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, ঝরঝরে ফুরফুরে মেজাজ সৃষ্টিতে পরিপক্ব উপাদান রয়েছে মধুমাসের বিভিন্ন ফলে।
অপরিসীম গুরুত্ব, অর্থনৈতিক বিকাশ ও বিনিয়োগ বাণিজ্যের সম্ভাবনা বিবেচনায় দেশব্যাপী আমগাছের জনপ্রিয়তার কারণে এই গাছকে সরকার জাতীয় বৃক্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমের স্বাদ, গন্ধ, রঙ, আকার বিবেচনায় মনোলোভা আমাদের এই ফল চাষ শুরু করেছে চীন, থাইল্যান্ড, মেক্সিকো, ইন্দোনেশিয়া ও ব্রাজিলসহ অনেক দেশ। বৈজ্ঞানিক ভিত্তিতে চাষাবাদ করে বিশ্বব্যাপী আমের প্রধান রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে ভারত। আমরা ইতিহাস আর ঐতিহ্যকে ধারণ করে উত্তরবঙ্গের রাজশাহী, নাটোর আর চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আমকে লালন করছি।
মৌসুমি ফলের বাণিজ্যিক সম্ভাবনাকে লক্ষ্যমাত্রার আড়ালে প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থাপনার অভাবে হাতছাড়া করছি। বঞ্চিত হচ্ছি এর স্বাদ আস্বাদন, পুষ্টিমান রক্ষার দীর্ঘমেয়াদি কার্যক্রম গ্রহণ করা থেকে। দুই তিন মাস পরই আর দেখা মিলছে না বাজার সয়লাব হওয়া ভিন্ন মাত্রার দেশীয় ফলমূলের। বাজার তখন দাপটের সঙ্গে নিয়ন্ত্রণ করে আমদানি করা ফরমালিন, কার্বাইড, মিপসিন, মার্শাল, কার্বোফুরান, ইথরিল, ডাই-এলড্রিন কেমিক্যালযুক্ত স্বাদ, গন্ধ, বর্ণহীন ফল।
ভাবতে অবাক লাগে অপার সম্ভাবনার এই ফলমূলকে সংরক্ষণ করার কোনো কর্মসূচি হাতে নেওয়া হয়নি। দুই-চারদিন সংরক্ষণের কোনো ব্যবস্থাও নেই। ফলে নষ্ট হয় আমাদের ফলমূল। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা পচন রোধে মানবস্বাস্থ্যের অত্যন্ত ক্ষতিকর প্রোফাইল গেনেট, বিএইচএ, হেপটাইল পারাবেন, বিএইচটি, সোডিয়াম নাইট্রেড, সোডিয়াম বেনজায়েট, সালফাইড ইত্যাদির মিশ্রণ স্প্রে করছে। প্রসঙ্গত, তরিতরকারি আর সবজি সংরক্ষণে দেশে কোল্ডস্টোরেজ রয়েছে মাত্র ২৮০টি তাও ঢাকাকেন্দ্রিক। দুর্ভাগ্যের বিষয়, এই সমস্ত কোল্ডস্টোরেজও পরিচালিত হয় ম্যানুয়ালি অ্যানালগ পদ্ধতিতে।
দেশের বিভিন্ন এলাকাভিত্তিক নানান জাত ও স্বাদের মৌসুমি ফল উত্পাদিত হয়। সেই সমস্ত এলাকা চিহ্নিত করে আম, জাম, আনারস, লিচু, কাঁঠাল, তরমুজ, বাঙ্গি, পেঁপে ইত্যাদির বিষয়ভিত্তিক প্রক্রিয়াজাতকরণ টেকনোলজি শিক্ষা চালু করে দক্ষ লোকবল তৈরির পরিকল্পনা গ্রহণ করতে হবে। উপকরণ আমদানি করে বহুজাতিক কোম্পানির সঙ্গে সম্পৃক্ত হয়ে পচে নষ্ট হওয়া রোধে স্বল্প ও দীর্ঘ মেয়াদি সংরক্ষণে মনোযোগী হতে হবে। তাহলে আমাদের ঐতিহ্যের মধুমাসের ফল সংক্ষিপ্ত সময়ের না হয়ে বছরব্যাপী উপভোগ করবো। সংরক্ষিত ফল মধ্যপ্রাচ্যের গুটিকয়েক দেশ ছাড়াও দূরপ্রাচ্যের দেশে চাহিদা অনুযায়ী টাটকা তরতাজাভাবে রপ্তানি করতে সক্ষম হবো। বর্তমানে ফল রপ্তানির লক্ষ্যমাত্রা চার শ’ কোটি টাকা না হয়ে চার হাজার কোটি টাকায় উপনীত হবে— এ বিষয়টি আশ্চর্যের নয়, বাস্তবের।
চট্টগ্রাম
