উপকূলীয় নিরাপত্তার স্বার্থে সবুজ বেষ্টনী

আপডেট : ২৪ মে ২০১৩, ২১:৩২
গাছ আমাদের পরম বন্ধু। তারপরও আমরা গাছের সঙ্গে অনৈতিক ও বৈরিতাপূর্ণ আচরণ করছি— গাছপালা নির্বিচারে কেটে ফেলছি। গাছপালা কাটতে কাটতে আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি যে, প্রয়োজনীয় ভারসাম্য বজায় রাখার মতো সম্ভাবনাও আমাদের নেই। গাছকাটা ও অবৈধ দখল প্রবণতা বৃদ্ধি পাওয়ার কারণে উজাড় হচ্ছে সমুদ্রসৈকত অঞ্চলের দুর্যোগ প্রতিরোধ বেষ্টনী। অরক্ষিত হচ্ছে নদী ও সমুদ্র উপকূলীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকা। হুমকির মুখে পড়ছে উপকূলীয় প্রাণ ও জীববৈচিত্র্য। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এ দেশের, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন বলতে গেলে প্রায় সব সময়ই বিপদসংকুল। এই উপকূলবাসীকে জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের থাবা থেকে রক্ষার জন্য বিস্তীর্ণ উপকূল জুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলা হলেও দেখভালের অভাবে সেই বন এখন আর বন নেই। অন্যদিকে উপকূলীয় উন্নয়ন প্রকল্প এখনো বাস্তবায়িত হয়নি। পত্রিকায় প্রকাশিত খবর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ছোবল থেকে দেশের মানুষ ও সম্পদ রক্ষায় দুই দশক আগে উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সে প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত না হওয়ায় চট্টগ্রাম ও কক্সবাজার জেলার অন্তত দেড় কোটি মানুষ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকতে বাধ্য হচ্ছে। ১৯৯১ সালে প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। এ সময় চট্টগ্রাম ও কক্সবাজারের ৩০০ কিলোমিটার উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। দীর্ঘ ২২ বছরে মাত্র ১২০ কিলোমিটারে সবুজ বেষ্টনী গড়া সম্ভব হয়েছে। এর মধ্যেও এক বড় অংশে রয়েছে শুভঙ্করের ফাঁকি। চট্টগ্রামের উপকূলীয় বন বিভাগ কার্যালয়ের তথ্য অনুযায়ী ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকা লণ্ডভণ্ড হওয়ার পর বন বিভাগে যুক্ত হয় ‘উপকূলীয় বন বিভাগ’ নামের একটি বিভাগ। লক্ষ্য ছিল দুর্যোগ ঝুঁকি কমাতে বনায়নের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলা। কিন্তু গত ২২ বছরেও উপকূলীয় বন বিভাগ দুই জেলার উপকূলীয় উপজেলাগুলোকে পুরোপুরি সবুজ বেষ্টনীর আওতায় আনতে পারেনি। আবার যেসব উপজেলাকে বিচ্ছিন্নভাবে সবুজ বেষ্টনীর আওতায় আনা হয়েছে সেখানেও প্রাকৃতিক দুর্বিপাক ও মানবসৃষ্ট অনাচারের কারণে সবুজ বেষ্টনী রক্ষা করা যাচ্ছে না। ফলে চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত ৩০০ কিলোমিটার উপকূলীয় এলাকার মধ্যে এখনো ১৮০ কিলোমিটার অরক্ষিত অবস্থায় রয়েছে। উপকূলের যেসব এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলা হয়েছে সেগুলোর অবস্থাও তথৈবচ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে এর একাংশ, চিংড়ি চাষেও লণ্ডভণ্ড হয়েছে কোনো কোনো এলাকার বনায়ন। শিপইয়ার্ড গড়তে গিয়েও সবুজ বেষ্টনীর গলা টিপে ধরা হয়েছে। সিডর এবং আইলায় দেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জনপদে যে ক্ষত সৃষ্টি হয়েছিল তা আজও শুকায়নি। বিপুল প্রাণহানির সঙ্গে ঘটেছিল সম্পদহানিও। এখনো সেসব অঞ্চলের অসংখ্য মানুষ বয়ে বেড়াচ্ছে নানারকম বিড়ম্বনা। ঘুরে দাঁড়ানোর অবিরাম চেষ্টা সত্ত্বেও এখনো অনেক মানুষ ফিরে যেতে পারেনি আগের জায়গায়। উপকূলজুড়ে ব্যাপক ভীতি-আতঙ্ক নিয়ে হাজির হয়েছে ঘূর্ণিঝড় মহাসেন। সরকারের তরফ থেকে উপকূল এলাকার মানুষের কল্যাণে কোটি কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হলেও সেসবের সিংহভাগই এখন পর্যন্ত হয়নি বাস্তবায়িত। সবুজ বেষ্টনী উপকূলীয় অঞ্চলের মানুষের অনেকটা রক্ষাকবচ। অথচ সেই সবুজ বেষ্টনীর অসংখ্য গাছ কেটে নিয়ে গেছে স্বার্থান্বেষী মহল। উপকূলীয় বনাঞ্চল গড়ে তোলা হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য। উপকূলীয় বনাঞ্চল বা উপকূলীয় সবুজ বেষ্টনী প্রাকৃতিক ঢাল হিসেবে ব্যবহূত হয়। এই ঢালকে ক্ষতিগ্রস্ত করার অর্থ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে উপকূলীয় মানুষজনকে তাদের বাড়িঘরকে রক্ষা করার উদ্যোগকেই ব্যাহত করা। তাই বলছি, এই বেষ্টনীকে রক্ষা করতে হবে শুধু উপকূলীয় লোকজনের স্বার্থেই নয়, দেশের স্বার্থে। উপকূলীয় এলাকার মানুষের জান-মালের নিরাপত্তার স্বার্থে সবুজ বেষ্টনীর দ্রুত বাস্তবায়ন এবং রক্ষা করা এখন সময়ের দাবি। এ ব্যাপারে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা অপসারণে সরকারকে মনোযোগী হতে হবে। জনগণের প্রত্যাশা— সরকার বাস্তবতা আমলে নিয়ে বিপন্ন-বিপর্যস্তদের কল্যাণ কাজ দ্রুত সম্পন্ন করবে এবং তাদের জীবনযুদ্ধে সহযাত্রী হয়ে সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটাবে। ঢাকা