লক্ষ্মীপুর-৪ আসনে আ স ম রবের মনোনয়নপত্র জমা

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৯:৪২

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ঐক্যফ্রন্টের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে রামগতি উপজেলা নির্বাহী আফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ রফিকুল হকের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী, জেএসডির কেন্দ্রীয় সহসভাপতি বেগম তানিয়া রব, কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, রামগতি উপজেলা জেএসডির সভাপতি মো. গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু জেএসডি সমর্থিত উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল্ নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আ স ম আবদুর রব ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাসদ থেকে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৯৬ সালে জাসদ থেকে এ আসনে বিজয়ী হয়ে তৎকালীন আওয়ামী লীগের ঐকমত্যের সরকারের মন্ত্রী হন।

এ ছাড়া এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য আবদুল্যাহ আল মামুনের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ মনোনয়নপত্র জমা দেন।

ইত্তেফাক/নূহু