জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- ‘চেতনায় নজরুল’ ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ, নজরুল জীবনভিত্তিক আলোকচিত্র ও পুস্তক প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসন ছাড়াও কুমিল্লায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে।
নজরুল কুমিল্লার, কুমিল্লা নজরুলের:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিকশিত হয়েছেন কুমিল্লায় তা আজ দিবালোকের মতো সত্য। কুমিল্লাবাসী সংগতকারণে গর্ববোধ করে। এখানে কবির বিয়ে, সাহিত্য চর্চা, রাজনীতির দীক্ষা, সঙ্গীত জীবনের বিকাশ এবং ব্যক্তি জীবনের প্রেম-ভালোবাসা-স্নেহ থেকে শুরু করে মাটির সাথে সম্পর্কিত হয়েছেন নজরুল।
নজরুল ইসলামের হূদয়ের দুই সারথী ‘প্রমীলা ও নার্গিস’। এ দু’জনকে ঘিরেই কবি নজরুলের প্রেম আর বিরহের অনেক স্মরণীয় মুহূর্ত কেটেছে কুমিল্ল¬া জেলা শহর ও জেলার মুরাদনগরের দৌলতপুরে। কবি কাজী নজরুল ইসলামের বহুল স্মৃতি বিজড়িত কুমিল্ল¬া শহর। কিন্তু এ শহর থেকে কবির অনেক স্মৃতিচিহ্ন এখন বিলুপ্তির পথে। অবিশ্বাস্য হলেও সত্য, অযত্ন অবহেলায় কুমিল্লা থেকে হারিয়ে যাচ্ছে কবি কাজী নজরুলের স্মৃতিচিহ্নগুলো। ১৯৮৩ সালে কবির স্মৃতি বিজড়িত স্থানসমূহে তত্কালীন জেলা প্রশাসক হেদায়েতুল ইসলাম চৌধুরীর উদ্যোগে জেলা পরিষদের আর্থিক সহায়তায় শ্বেতপাথরের ফলক লাগানো হয়। এসব ফলকে কবির গান, কবিতা, ছড়া, বাণী ও কবির পদচারণার স্মৃতিকথাগুলো সংক্ষেপে তুলে ধরা হয়। কিন্তু সময়ের ব্যবধানে কুমিল্লায় নজরুল স্মৃতিগুলো বেদখল হয়ে গিয়েছে। প্রমীলার বাড়ি অদূরে বসন্ত স্মৃতি পাঠাগার ছিল, যেখানে কবি কবিতা লিখতেন, আড্ডা দিতেন। সেখানে কুমিল্লায় নজরুলের একটি স্মৃতিফলক থাকলেও এর ২ ফুট পাশেই নির্মাণ করা হয়েছে ডাস্টবিন। দক্ষিণ চর্থায় বর্তমান সরকারি হাঁস-মুরগি খামারের পাশে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের (এস.ডি বর্মন) যে বাড়িতে বসে কবি সঙ্গীত চর্চা করতেন সেখানে ১৯৮৩ সালের ২৯ আগস্ট নজরুল স্মৃতি রক্ষা পরিষদ একটি স্মৃতিফলক স্থাপন করে, সেই বাড়িটি সংস্কার তো দূরের কথা, সাপ বিচ্ছুর ভয়ে এখন দিনের বেলায়ও কেউ সেখানে যেতে সাহস পায় না।
কবি ১৯২১ সাল থেকে ১৯২৪ সাল পর্যন্ত কুমিল্লা আসেন পাঁচ বার। অবস্থান করেন প্রায় এক বছর। ১৯২১ সালের এপ্রিল মাসে কবির প্রথম আগমন ঘটে জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামে। এ গ্রামেরই পূর্ব পরিচিত বন্ধু আলী আকবর খানের আমন্ত্রণে কবি আসেন দৌলতপুরে। এ সময় আলী আকবর খানের বোনের মেয়ে সৈয়দা নার্গিস আরা খানমের মাঝে তার মানসীর ছবি খুঁজে পান। দু’জন দু’জনার কাছাকাছি আসেন। এ প্রেম পল্ল¬বিত হয়ে প্রণয়ে পরিণত হয়। কবি নার্গিসকে একই বছরের ১৭ জুন বিয়ে করেন, যা ছিল তার জীবনের প্রথম বিয়ে। কিন্তু অজ্ঞাত কারণে কবি বিয়ের রাতেই দৌলতপুর ছেড়ে কুমিল্লা শহরে চলে আসেন। শহরে কবি ইন্দকুমার সেনের বাসায় অবস্থান করেন। দৌলতপুরে মামার বাড়িতে কবির সঙ্গে নার্গিসের বিয়ে স্থায়ী না হলেও শহরে কবি ইন্দকুমার সেনের বাসায় অবস্থানকালে তার ভ্রাতৃজায়া গিরিবালার একমাত্র কন্যা আশালতা সেনগুপ্তা ওরফে প্রমীলার (কবির দেয়া নাম) সঙ্গে পরিচয়, প্রেম এবং তারপর ১৯২৪ সালের ২৫ এপ্রিল শুক্রবার কলকাতার ৬নং হাজী লেনে তাদের বিয়ে হয়। কবি দ্বিতীয়বার কুমিল্লায় আসেন ১৯২১ সালের নভেম্বর মাসে। এ সময়ে তিনি ব্রিটিশ বিরোধী গান গাইবার কারণে গ্রেফতার হন। ১৯২২ সালের ২৩ নভেম্বর শহরের ঝাউতলা থেকে দ্বিতীয়বারের মতো গ্রেফতার হন কবি। সর্বশেষ কবি পঞ্চমবারের মতো কুমিল্লায় আসেন ১৯২৩ সালের ১৬ ডিসেম্বর জেল থেকে ছাড়া পাওয়ার পরপরই। এ ছিল তার কুমিল্লায় শেষ আসা।
