ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে আগুন ধরায় লন্ডনের আন্তর্জাতিক বিমানবন্দর হিথ্রো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ ঘটনার পর গতকাল শুক্রবার বিমান কর্তৃপক্ষ বিমানবন্দরের দুটি রানওয়ে বন্ধ করে দেয়ার কয়েক ঘণ্টা পর আবার চালু করে। খবর বিবিসির।
যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায় বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। অবতরণের পর বিমানটিতে থাকা ৭৫ জন যাত্রীসহ ক্রুদের নিরাপদে নামিয়ে আনা হয়। ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, স্থানীয় সময় পৌনে নয়টায় নরওয়ের অসলোগামী এয়ারবাস ৩১৯ নামের একটি যাত্রীবাহী বিমান যাত্রা শুরুর কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণ করতে বাধ্য হয়। এ ঘটনার পূর্ণ তদন্ত করা হবে বলেও ব্রিটিশ বিমান সংস্থা জানিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে দেখেছেন। উত্তর এবং দক্ষিণের দুটি রানওয়ে বন্ধের পর চালু করা হলেও সংক্ষিপ্ত ফ্লাইটগুলো স্থানীয় সময় গতকাল বিকাল ৪টা পর্যন্ত বন্ধ রাখা হয়। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সামান্য আহত তিনজনকে চিকিত্সা দেয়া হয়েছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এটা কোনো সন্ত্রাসী কার্যক্রম নয়। উল্লেখ্য, হিথ্রো বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম বিমান বন্দরের মধ্যে অন্যতম।
