শিগগিরই দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা চালু :নৌ মন্ত্রী

আপডেট : ২৪ মে ২০১৩, ২২:২৮
নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, নদী পথে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনার বিষয়টিকে মাথায় রেখে গভীর সমুদ্র বন্দরসহ পায়রা নামে দেশের তৃতীয় সমুদ্র বন্দর শিগগিরই চালু হচ্ছে। গতকাল শুক্রবার মংলা বন্দরের নতুন গাড়ী ইয়ার্ড ও জেটি পরিদর্শনকালে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, অচল হয়ে যাওয়া মংলা বন্দর সরকারি প্রচেষ্টায় ক্রমশঃ প্রাণবন্ত হয়ে উঠছে। এ বন্দরে বেশকিছু জাহাজও যাতায়াত করছে। মংলা বন্দরের গুরুত্বের কারণেই প্রতিবেশি দেশগুলো এ বন্দর ট্রানজিট হিসাবে ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করছে। বন্দরের প্রধান সমস্যা চ্যানেলের নাব্যতা রক্ষায় ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শীঘ্রই শুরু করা হবে। এছাড়া বন্দরের জন্য আরো একটি নিজস্ব ড্রেজার কেনা হচ্ছে। এতে মংলা বন্দরে বিরাজমান নাব্যতা সমস্যা শিগগিরই কেটে যাবে। এ সময় তিনি আরো বলেন, মংলা বন্দরে অকেজো বিভিন্ন যন্ত্র সচল করতে ইতিমধ্যে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ ছাড়া নাব্যতা সংকটে বন্ধ হয়ে যাওয়া মংলা—ঘাসিয়াখালী নৌ রুটটির নাব্যতা ফিরিয়ে আনতে সেখানে একটি ওয়াটার রিজার্ভার (পানি সংরক্ষণ যন্ত্র) তৈরি করা হবে। পরে নৌ মন্ত্রী বন্দরের সম্মেলন কক্ষে বন্দর কর্মকর্তা-কর্মচারীদের সাথে পৃথক বৈঠক করেন। বৈঠকে বন্দর চেয়ারম্যান কমডোর এইচ আর ভুঁইয়াসহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।