আগামীকাল রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দলের সাথে ঢাকা চেম্বারের (ডিসিসিআই) বাণিজ্য বিষয়ক একটি সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এ জন্য রবিবার রাজধানীকে হরতালের আওতামুক্ত রাখার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে ডিসিসিআই। গতকাল এ বিষয়ে ডিসিসিআইয়ের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে একটি চিঠি দিয়েছে সংগঠনটি। গতকাল সরকার বিরোধী ১৮ দলীয় জোটের পক্ষ থেকে আগামীকাল রবিবার হরতালের ঘোষণা দেয়া হয়।
ডিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, এ অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল আন্ডার সেক্রেটারি উইন্ডি শারমেনসহ প্রায় ৪০ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ডিসিসিআই অত্যন্ত দায়িত্ব নিয়ে দীর্ঘ দিনের প্রচেষ্টায় এ ধরনের একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী অনুষ্ঠানের আয়োজন করেছে। বর্তমানে তৈরি পোশাক শিল্পের সংকট এবং বিদুত্ ও জ্বালানি খাতের বিদ্যমান সমস্যা নিরসনে এ ধরনের একটি দ্বি-পাক্ষিক অনুষ্ঠান ফলপ্রসূ ভূমিকা রাখবে। এই প্রথম যুক্তরাষ্ট্রের এত উচ্চ পর্যায়ের এবং বৃহত্ প্রতিনিধি দল ঢাকা চেম্বারে এসে দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছে। এই অবস্থায় হরতালের মত কর্মসূচি এই চেষ্টাকে ব্যাহত করতে পারে বলে আশংকা প্রকাশ করেছে ডিসিসিআই।
