খুলনা সিটি কর্পোরেশনকে একটি আধুনিক নগরী হিসাবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে ‘আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে’ নিজ নিজ দলের মেয়র প্রার্থীদের জেতাতে মাঠে নামছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটি এবং বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক ফোরাম। ইতিমধ্যে সম্মিলিত নাগরিক কমিটি ও জাতীয়তাবাদী নাগরিক ফোরাম কাঙ্ক্ষিত ‘মেয়র’ পদটিতে জয়লাভ করতে ব্যাপক তোড়জোড় শুরু করেছে। মেয়র প্রার্থীদের সমর্থনে গঠন করা সম্মিলিত নাগরিক কমিটি ও জাতীয়তাবাদী নাগরিক ফোরাম আগামী সোমবার থেকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে নামছে। অপরদিকে থেমে নেই মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টি (এ) সমর্থিত নাগরিক উন্নয়ন কমিটির প্রার্থীর প্রচার-প্রচারণা।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের উদ্যোগে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের সমর্থনে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা অধ্যাপক শহিদুল হক মিন্টু। সভায় সাবেক ছাত্র নেতৃবৃন্দ বলেন, তালুকদার আব্দুল খালেকের সততা, বিচক্ষণতা, প্রজ্ঞা ও যোগ্যতার কারণে গত পাঁচ বছরে খুলনা মহানগরীতে ব্যাপক উন্নতি হয়েছে। নগরীর মূল সমস্যা জলাবদ্ধতা নিরসনসহ সামগ্রিক উন্নয়নে তার বিকল্প নেই। নগরীর সার্বিক উন্নয়নে তালুকদার আব্দুল খালেকের পক্ষে দলমত নির্বিশেষ খুলনাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা। এছাড়া বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে মহানগর মহিলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনাকে একটি আধুনিক নগরীতে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়েছেন। ২০১৬ সালে খুলনা সিটি কর্পোরেশন হবে একটি আধুনিক নগরী। তিনি বলেন, ২০০৮ সালে আমি নির্বাচিত হওয়ার পর খুলনা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করতে চেষ্টা করেছি। শতভাগ না পারলেও অধিকাংশ ক্ষেত্রে সফল হয়েছি। আমি সিটি কর্পোরেশনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে চেষ্টা করেছি। নগরীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমি নগরবাসীর পাশে থেকে কাজ করতে চাই। মহানগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী অধ্যাপিকা হোসনে আরা রুনুর সভাপতিত্বে আয়োজিত সভায় মহানগর নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। পরে মেয়র প্রার্থী খালেক নগরীর ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। তালুকদার আব্দুল খালেকের সমর্থনে গঠিত সম্মিলিত নাগরিক কমিটির বেশ কয়েকজন কর্মকর্তা জানান, বর্তমানে কর্মী সভা ও গণসংযোগের কাজ চলছে। তবে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার কাজ শুরু হবে।
এদিকে, সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয়তাবাদী নাগরিক ফোরাম মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের সর্বাত্মকভাবে প্রচারণার কাজে নেমে পড়ার আহবান জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর কেডি ঘোষ রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ সভায় নেতৃবৃন্দ এ আহবান জানান। সভায় নেতৃবৃন্দ নগরবাসীর দীর্ঘদিনের বঞ্চনা ও হতাশার অবসান ঘটাতে এবং লুটপাটের রাজনীতির বিরুদ্ধে সত্ ও যোগ্য এবং নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে সুযোগ্য প্রার্থী মনিরুজ্জামান মনিকে মেয়র পদে খুলনাবাসী জয়যুক্ত করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মনির সমর্থনে গঠিত জাতীয়তাবাদী নাগরিক ফোরাম আগামীকাল রবিবার বিকালে নগরীর একটি হোটেলে বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে। এছাড়া আগামী সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নাগরিক ফোরাম তাদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ এবং নির্বাচনে ফোরাম সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনির নির্বাচনী ইশতেহার প্রকাশ করার ঘোষণা দিয়েছে। এই ইশতেহারে খুলনাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অপরদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টি (এ) সমর্থিত নাগরিক উন্নয়ন কমিটির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু দলীয় নেতা-কর্মীদের নিয়ে নগরীর খালিশপুর- দৌলতপুর এলাকায় জোর প্রচার-প্রচারণা চালাচ্ছেন। শিল্প এলাকায় জাতীয় পার্টির নিরব ভোটব্যাংক রয়েছে এমনটি মনে করে শফিকুল ইসলাম মধু দিনের অধিকাংশ সময় কাটাচ্ছেন ওই এলাকায়।
