তারেক রহমানকে আত্মসমর্পণের আহ্বান জানালেন সুরঞ্জিত

আপডেট : ২৪ মে ২০১৩, ২২:৩৮
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সরকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক অধিকার হরণ করবে না। তবে তাকে অবশ্যই দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে রাজনীতি করতে হবে। তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, মানি লন্ডারিং মামলায় আপনি আত্মসমর্পণ করুন, তারপর রাজনীতি করুন। অন্য দেশে পলাতক থেকে নয়, দেশে এসে প্রকাশ্যে রাজনীতি করুন। গতকাল শুক্রবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘কর্নেল তাহের হত্যার বিচার-বিরোধী দলীয় নেতাদের মিথ্যাচার-সরকারের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজনৈতিক নেতার অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে উল্লেখ করে বিএনপির উদ্দেশ্য সুরঞ্জিত বলেন, আপনারা এখনই স্থির করুন হেফাজতের ১৩ দফার পক্ষে থাকবেন নাকি মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, এই দাবি বাদ নিয়ে নিঃশর্তভাবে সংলাপে আসুন। আলোচনা করতে আমরা সব সময় প্রস্তুত আছি। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, গণতান্ত্রিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড সরকার মেনে নিতে পারে না। এখন থেকে যারা কর্মসূচি করবেন তাদের নিশ্চয়তা দিতে হবে যে কোনো ধরনের ধ্বংসাত্মক কমকাণ্ড হলে তাদেরকেই দায়ভার নিতে হবে। সংগঠনের উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।