সাভারের রানা প্লাজা ধসে পড়ার এক মাস পার হয়েছে। অনেকে হাসপাতাল ছেড়ে গেলেও বহু শ্রমিক এখনো চিকিত্সাধীন। আর যাদের এখনো সন্ধানই পাওয়া যায়নি তাদের স্বজনরা বুক বাঁধার জন্য এখন আর কোন আশা খুঁজে পাচ্ছেন না। ২৯১ জনের স্বজনরা পরিচয় নিশ্চিত করতে না পারায় তাদের বেওয়ারিশ হিসেবে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। কিন্তু নিখোঁজের দাবি নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন তার চেয়েও বেশি মানুষ। সাভার উপজেলা প্রশাসন ৩১৬ জন নিখোঁজ থাকার একটি তালিকা তৈরি করেছে। আর গতকাল শুক্রবার পর্যন্ত সাভার থানায় সাধারণ ডায়েরি করেছেন ৯২ জন। সব মিলিয়ে বেওয়ারিশ লাশ আর নিখোঁজ ব্যক্তি বা শ্রমিকের হিসাব মিলছে না।
সংশ্লিষ্টরা বলছেন, এই হিসাব তো না মেলার কোন কারণ নেই। ভবনের নিচে তো কারো লাশ নেই। নতুন লাশ উদ্ধারের কোন সম্ভাবনাও নেই। লাশের বাইরে জীবিত উদ্ধার করা হয় ৩ হাজার ৩৪০ জনকে। গত ক’দিনে আরো তিন জন চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩০ জনে। এর মধ্যে ২৯১ জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। কিন্তু নিখোঁজের দাবি বেশি হওয়ায় বিপাকে পড়েছে সাভার উপজেলা প্রশাসন। তারা একটা তালিকাও করছেন। সংশ্লিষ্টরা বলছেন, ওই ভবনটিতে অনেক শ্রমিক থাকায় হিসাব মেলানো যাচ্ছে না।
জানা গেছে, নিখোঁজ হওয়া মানুষের স্বজনদের ভীড় এখনও থামছে না। ভবন ধসের মাস পেরিয়ে গেলেও প্রিয় মানুষটি’র খোঁজে উপজেলা তথ্য সেল, ঢাকা মেডিক্যাল কলেজের মর্গ এমনকি সাভার থানায় ভিড় করছে তারা। সাভার উপজেলা তথ্য সেল সূত্র জানিয়েছে, রানা প্লাজার ধ্বংসস্তূপের মধ্য থেকে ১ হাজার ১১৫ জনের মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায় আরো ১৫ জন। তবে গতকাল পর্যন্ত এই ভবনে কতজন কাজ করতো কিংবা এ ঘটনায় এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছে তার কোন নির্দিষ্ট তালিকা করতে পারেনি পোশাক মালিকদের সংগঠন কিংবা স্থানীয় প্রশাসন। এ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য সাভার উপজেলা পরিষদে একটি তথ্য সেল স্থাপন করা হয়েছে। নিখোঁজ স্বজনদের শনাক্ত কিংবা আদৌ তাদের পরিচয় মিলবে কিনা এ নিয়ে এখনো সংশয় রয়ে গেছে স্বজনদের।
সাভার থানার অফিসার ইনচার্য (ওসি) আসাদুজ্জামান ইত্তেফাককে জানান, নিখোঁজের ঘটনায় এখন পর্যন্ত ৯২টি সাধারণ ডাইরি লিপিবদ্ধ হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পেতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তালিকাভুক্তির পর স্বজনেরা থানায় এসে সাধারণ ডাইরি করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা জানান, নিখোঁজদের স্বজনেরা উপজেলা তথ্য কেন্দ্রে এসে তালিকায় নাম লেখাচ্ছেন। তা যাচাই বাছাই করা হচ্ছে।
সর্বশেষ গতকাল রানা প্লাজা এলাকায় গিয়ে দেখা গেছে, এলাকাটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখেছে জেলা প্রশাসন। সংরক্ষিত এলাকা ঘোষণা দিয়ে জনসাধারণের প্রবেশ সীমিত করে দেয়া হয়েছে। কাঁটাতারের বাইরে বহু মানুষ ভিড় করে আছেন। অনেকে ফুলের তোড়া দিয়ে স্মরণ করছেন স্বজনদের। এখনো নিখোঁজ স্বজনদের খবরের সন্ধানে সেখানে ভিড় করছেন মানুষ। আত্মীয়-স্বজনের লাশ ফিরে পেতে ব্যাকুল পরিবারগুলো দুর্ঘটনাস্থলে এখনও ঘোরাঘুরি করছেন। সেখানে কৌতূহলী ও উত্সুক মানুষজনের ভিড়।
রানা প্লাজা ধসের ঘটনায় আহতদের মধ্যে ঢাকার পঙ্গু হাসপাতালে এখনও চিকিত্সা নিচ্ছেন ৬১ জন। এর মধ্যে ৪২ জনই নারী। চিকিত্সাধীনদের ১২ জনের মেরুদণ্ড ভেঙ্গেছে। ৭ জনের হয়েছে অঙ্গহানি।
সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এখনো অনেক আহত মানুষ চিকিত্সা নিচ্ছে। এদের মধ্যে কারো হাত নেই আবার কারো পা নেই। এখনো গুরুতর অসুস্থ তারা। গার্মেন্টস কর্মী রিক্তা বেগম। বাড়ি গাইবান্ধায়। রানা প্লাজা ধসে পড়ার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়। ভারি স্তূপে তার একটি হাত চাপা পড়ে ছিলো। উদ্ধারকারীরা হাত কেটে তাকে বের করে আনে। আটকা পড়া অবস্থায় ছিলো বাঁচার আকুতি। আর জীবিত বেরিয়ে আসার পর নিদারুণ কষ্ট এখন তার। নিজ হাতের দিকে তাকালে কেঁদে ফেলেন তিনি। এখন শুধু হাত হারানোর কষ্ট নয়। কীভাবে বেঁচে থাকবেন সে চিন্তাও ভর করছে তার মধ্যে। অসহায়ের মত বললেন, এক হাতে করার মতো যদি কোনো কাজ পেতাম তাহলে ছেলেটাকে নিয়ে বাঁচতে পারতাম।
রিক্তার সঙ্গে একই ওয়ার্ডে রয়েছেন খুলনার পাখি বেগম। রানা প্লাজার ধসে তিনি হারিয়েছেন পা দুটি। একটু সচ্ছল জীবনের জন্য, নিজ পায়ে দাঁড়ানোর জন্য গার্মেন্টসে কাজ করতে এসেছিলেন। এখন দুই পা হারিয়ে হাসপাতালে পড়ে আছেন তিনি। কী করবেন, কীভাবে বেঁচে থাকবেন সে চিন্তা করে চোখে যেন অন্ধকার দেখছেন তিনি। বলছিলেন তিনি, দেশের বাড়ি ফিরে যাবো কিন্তু কী করবো। দু’টি বাচ্চা আছে তাদের কী হবে। পা দু’টি নেই কী কাজ করবো। একটি মুদি দোকান দিতে পারলে হয়তো বেঁচে যাবেন। এতোদিন কষ্ট করে জীবন যাপন করা মানুষগুলো এ অবস্থায়ও কারো করুণার পাত্র হতে চায় না। চাই একটু সহায়তা। যাতে নিজেরাই নিজেদের মতো করে জীবন যাপন করতে পারে। অনেকেই অবশ্য সাহায্য দেয়ার আশ্বাসও দিয়েছেন।
রানা প্লাজা ধসের তিন দিন পর ষষ্ঠ তলা থেকে উদ্ধার হয়েছিলেন ময়না আক্তার। টানা তিন দিন তার শরীরের ওপর তিন-চারজনের মৃতদেহ পড়েছিল। এতে হাত ও পায়ের মাংসে পচন ধরেছে। ময়নার স্বামী রিকশাচালক বাবু জানান, অভাবের সংসারে সহযোগিতা করার জন্যই তার স্ত্রী গার্মেন্টসে চাকরি নিয়েছিল। এখন স্ত্রীকে নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন তিনি। পঙ্গু হাসপাতালের সি ব্লকে চিকিত্সা নিচ্ছেন অরুণা। তিনি জানান, তার বাম হাতে কয়েকবার অস্ত্রোপচার করা হয়েছে। আহত হওয়ার পর রিকশাচালক স্বামীও আসা কমিয়ে দিয়েছেন। দুই সন্তানও ছোট বলে এখানে আসতে পারে না। তবে গার্মেন্টসে কাজ করার বিষয়ে মোটেও আগ্রহী নন তিনি।
