কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল মামুদপুর গ্রামে শুক্রবার দুর্বৃত্তরা কালীমন্দিরে প্রবেশ করে মূর্তি ভাংচুর করে। করগাঁও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরেন্দ্র দেবনাথ জানান, মন্দিরের পুরোহিত সঞ্জিত ঠাকুর সকালে মন্দিরে পূজা দিয়ে আবার দুপুরে পুনরায় পূজা দিতে মন্দিরে আসেন। এ সময় পুরোহিত ও স্থানীয় লোকজন মন্দিরের কালী মূর্তি ও মহাদেব মূর্তির মাথাসহ বিভিন্ন অংশ ভাঙ্গা দেখে থানায় খবর দেয়। কটিয়াদী থানার ওসি এমদাদুল হক মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শীতল কুমার সাহা ও সম্পাদক দিলীপ কুমার সাহা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টায় থানায় মামলা হয়নি।
