একের পর এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ফলে উপকূলের মানুষের জীবন-জীবিকা আজ মারাত্মক হুমকির মুখে। সহায়-সম্বল হারিয়ে অনেকেই নিঃস্ব। দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষায় সরকার ১৯৯২-৯৩ সালে আশ্রয়কেন্দ্র নির্মাণের মহাপরিকল্পনা নিলেও তা বাস্তবায়ন হয়নি। সে সময় বুয়েট ও বিআইডিসিএসের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ টিম দুর্যোগ মোকাবেলায় ১৯৯২ সাল থেকে ১০ বছরের মধ্যে সাড়ে তিন হাজার আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রস্তাব করে। কিন্তু গত ২০ বছরে সেই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
শুধু তাই নয়, জীবন ও সম্পদ রক্ষায় উপকূলীয় অঞ্চলে বিভিন্ন সময়ে নির্মিত আশ্রয়কেন্দ্রগুলোর অনেকগুলোরই অবস্থা বেশ করুণ। নিরাপদ আশ্রয়ের পরিবর্তে জরাজীর্ণ ভবনে দুর্গত মানুষজন হতে পারে বড় দুর্ঘটনার শিকার।
ঝুঁকিতে এক কোটি মানুষ
উপযুক্ত আশ্রয়কেন্দ্রের অভাবে উপকূলীয় ১৯টি জেলার প্রায় এক কোটি মানুষ ঝুঁকিতে রয়েছে। এরমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ‘অধিকতর ঝুঁকিপূর্ণ’ হিসেবে ১৩টি জেলাকে চিহ্নিত করেছে। জেলাগুলো হলো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, লক্ষ্মীপুর, ভোলা, ফেনী, নোয়াখালী, কক্সবাজার ও চট্টগ্রাম। এছাড়া ‘সাধারণ ঝুঁকিপূর্ণ’ ৬টি জেলার মধ্যে রয়েছে চাঁদপুর, বরিশাল, শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও কুমিল্লা। এসব জেলায় সবমিলিয়ে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের সংখ্যা মাত্র তিন হাজার ৭৭০টি। প্রতিটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে পারে সর্বোচ্চ এক হাজার লোক। ফলে প্রায় এক কোটি লোকই ঝুঁকিতে থেকে যাচ্ছে।
এ কথা স্বীকার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আবদুল ওয়াজেদ বলেছেন, বর্তমানে উপকূলীয় জেলাগুলোতে তিন হাজার ৭৭০টি আশ্রয়কেন্দ্র রয়েছে। এরমধ্যে বর্তমান সরকারের মেয়াদে ৯৭০টি নতুন সাইক্লোন সেল্টার তৈরি করা হয়েছে। তবে চাহিদার তুলনায় এসব আশ্রয়কেন্দ্র পর্যাপ্ত নয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্র জানিয়েছে, বর্তমানে ১০০টি আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এসব আশ্রয়কেন্দ্রের বহুমুখী ব্যবহার করা হবে। নিয়মিতভাবে স্কুল অথবা কমিউনিটি সেন্টারের পাশাপাশি দুর্যোগকালে এগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহূত হবে।
আশ্রয়ের অভাবে মানুষ মরেছে লাখে লাখে
১৯৭০ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় অঞ্চলে হতাহতের সংখ্যা প্রায় সাত লাখ। এর মধ্যে ১৯৭০ সালের হ্যারিকেনে প্রায় ৫ লাখ ও ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে প্রায় দেড় লাখ মানুষ মারা যায়।
এছাড়া ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরে সুন্দরবনসহ দক্ষিণ জনপদের ৯ জেলা লণ্ডভণ্ড হয়ে যায়। ২০০৯ সালের ২৫ মে দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে আঘাত হানে আইলা। এভাবে বারবার প্রলয়ঙ্করী প্রাকৃতিক দুর্যোগের আঘাতে একদিকে জনজীবন অন্যদিকে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সূত্র জানায়, দুর্যোগ মোকাবেলায় শুধু আশ্রয়কেন্দ্র নির্মাণ নয়, জরুরি ভিত্তিতে আবহাওয়ার সতর্ক বার্তা সংস্কারে পদক্ষেপ নিতে হবে। জনগণের উপকারের জন্য জনমুখী সংকেত দরকার। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় নতুন সতর্কতা সংকেত প্রণয়নের উদ্যোগ নেয়া হলেও তা এখনো আলোর মুখ দেখেনি।
পটুয়াখালীতেই নেই পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র
পটুয়াখালী প্রতিনিধি নির্মল কুমার রক্ষিত জানান, জেলায় ৩৪৪টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র থাকলেও এর মধ্যে ২৪টি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। এছাড়াও অনেক আশ্রয়কেন্দ্র রয়েছে যেগুলো দীর্ঘদিনে প্রয়োজনীয় মেরামত ও সংস্কারের অভাবে হয়ে পড়েছে জরাজীর্ণ। আবার অনেক আশ্রয়কেন্দ্র অপরিকল্পিতভাবে লোকালয়ের বাইরে নির্মাণ করা হয়েছে, যেখানে কোন সড়ক সংযোগ নেই। দুর্যোগকালে সেখানে অধিকাংশ লোক আশ্রয় নেয়ার সুযোগ পায় না। ফলে প্রাকৃতিক দুর্যোগের সময় এই উপকূলের কয়েক লাখ মানুষকে আশ্রয় নিতে হয় বিভিন্ন জায়গায়। ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ছাড়াও সিডর, আইলা, রেশমি ও সবশেষ ‘মহাসেন’ নামের ঘূর্ণিঝড় আঘাত হানে এই উপকূলে। এত দুর্যোগের পরেও এই এলাকায় নির্মিত হয়নি প্রয়োজনীয় সংখ্যক ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র।
আমাদের কলাপাড়া সংবাদদাতা মহসিন পারভেজ জানান, উপজেলার ১২টি ইউনিয়নে ১০৫টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র থাকলেও এর মধ্যে ৯টি সম্পূর্ণ পরিত্যক্ত। এছাড়াও অনেকগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। লালুয়া ইউনিয়নের চারিপাড়া ও মিঠাগঞ্জের দুটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই এলাকার লোকজন ঘূর্ণিঝড় মহাসেনের সময় সেখানে আশ্রয় না নিয়ে অন্যত্র বা ভেড়িবাঁধের উপরে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
বামনায় পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নেই
বামনা (বরগুনা) সংবাদদাতা মো. হাবিবুর রহমান জানান, বরগুনার বামনা উপজেলার চার ইউনিয়নে পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র না থাকায় প্রতিবছর অর্ধলক্ষাধিক মানুষ চরম দুর্যোগের মধ্যে রয়েছে। গত ঘূর্ণিঝড় সিডরের পর এ উপজেলায় ৩৩টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজ শুরু করা হয়। ঘূর্ণিঝড় সিডরের আগে এ উপজেলায় মাত্র দুইটি আশ্রয়কেন্দ্র ছিল।
নির্মিয়মাণ আশ্রয়কেন্দ্রগুলোর মধ্যে ১০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজ এখনও সম্পন্ন হয়নি। এসব আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় ৩০০ জন মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। লক্ষাধিক মানুষের জন্য এ আশ্রয়কেন্দ্র পর্যাপ্ত না হওয়ায় প্রতিবছর অর্ধ লক্ষাধিক মানুষ দুর্যোগ মৌসুমে আতংকে কাটায়। এছাড়া একটি আশ্রয়কেন্দ্র নদী পাড়ে গড়ে তোলায় জলোচ্ছ্বাস ও ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে। খোলপটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে নদী লাগোয়া। সেখানে আশ্রয়কেন্দ্র থেকে নদী ভাঙনের দূরত্ব মাত্র ১০ ফুট।
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, বামনা উপজেলায় মোট ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র চলমান আছে ২৬টি। এর মধ্যে এলজিইডির ২৩টি, পানি উন্নয়ন বোর্ডের দুইটি ও লায়ন্স ক্লাবের একটি। এছাড়া এলজিইডির তত্ত্বাবধানে ঘূর্ণিঝড় সিডর পরবর্তী উপজেলার চার ইউনিয়নে ১০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এখনও নির্মাণাধীন। উপজেলার মধ্য বুকাবুনীয়া, উত্তর কাকচিড়া, পশ্চিম বলইবুনীয়া, রুহিতা, জয়নগর, বেবাজিয়াখালী, পশ্চিম হোগলপাতি, ছোট তালেশ্বর, বাটাজোর, পশ্চিম লক্ষ্মীপুরা গ্রামে প্রাথমিক বিদ্যালয় কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজ শুরু হয় ২০১০-২০১১ অর্থ বছরে। এ ১০টি আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ ৫০ ভাগও সম্পন্ন হয়নি।
এছাড়া উপজেলার বেশিরভাগ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো নীচু জমিতে নির্মাণ করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে যাতায়াতের সড়কের বেহাল অবস্থা। চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র থেকে মূল সড়কের সাথে সংযোগ সড়ক নেই। ফলে যাতায়াতে সমস্যা হচ্ছে। এ উপজেলায় আরও অন্তত ৩০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র দরকার।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন ইত্তেফাককে বলেন, বামনা একটি দুর্যোগ প্রবণ এলাকা। এখানে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র চাহিদার তুলনায় অপ্রতুল। আরও কিছু আশ্রয়কেন্দ্র নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
দুর্যোগ ঝুঁকিতে নোয়াখালী উপকূলের দেড় লক্ষাধিক মানুষ
নোয়াখালী প্রতিনিধি আলমগীর ইউসুফ জানান, জেলার বিছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার নদী তীরবর্তী দুর্গম চর নঙ্গলিয়া, ক্যারিং চর, নলের চর, চর বাশার, ঢালচর ও চর নিজাম, সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের চর বায়োজিদ, পশ্চিম চর উড়িয়া ও দক্ষিণ চরক্লার্ক, মোহাম্মদপুর ইউনিয়নের, চর আকরাম উদ্দিন, চর কনক ও চর নোমান এবং কোম্পানীগঞ্জ উপজেলার চর বনানী, দক্ষিণ চর এলাহীসহ মেঘনার তীরবর্তী এলাকার চরাঞ্চলে ভূমিহীনদের বসবাস। এসব এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নেই।
এছাড়া বঙ্গোপসাগরের পাড়ে নিঝুম দ্বীপে ২০ থেকে ২৫ হাজার মানুষের বসবাস হলেও এখানে মাত্র ১২টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে দুর্যোগকালে ১২ হাজার মানুষ আশ্রয় নিতে পারলেও বাকিরা থাকেন ঝুঁকির মধ্যে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন জানান, জেলার উপকূলীয় এলাকায় ২৪৪টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। তার মধ্যে হাতিয়ায় ১১৭টি, সুবর্ণচরে ৮৫টি, কোম্পানীগঞ্জে ২৯টি, কবিরহাটে ৮টি ও সদর উপজেলায় ৫টি রয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ধারণ ক্ষমতা ১ লাখ ২৭ হাজার ৫০ জনের। তিনি বলেন, হাতিয়া উপজেলায় কয়েকটি আশ্রয় কেন্দ্র পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নতুন করে হাতিয়ার সেন্টার বাজার, সুখচর ও নিঝুম দ্বীপে ৩টি, সুবর্ণচরে একরাম চৌধুরীর বাজারে ১টি ও কোম্পানীগঞ্জে গাংচিল ও চরপার্বতীতে ২টি আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের ইতোমধ্যে কার্যাদেশ দেয়া হয়েছে।
এছাড়া দুর্গম চরগুলো যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ঐসব এলাকায় আশ্রয় কেন্দ্র নির্মাণ সম্ভব হচ্ছে না।
দুর্যোগে বার বার লণ্ডভণ্ড হয় খুলনার জনজীবন
খুলনা অফিস থেকে রেজাউল করিম জানান, উপকূলীয় খুলনা জেলায় প্রয়োজনের তুলনায় সাইক্লোন শেল্টার এতটাই অপ্রতুল যে, দুর্যোগ-দুর্বিপাকে ঝুঁকিপূর্ণ এলাকার শত-সহস্র মানুষকে নিরাপদে আশ্রয় নেয়ার মত পর্যাপ্ত সুযোগ নেই। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী জেলায় মোট ১৫৭টি সাইক্লোন শেল্টার রয়েছে। এটা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
খুলনার বঙ্গোপসাগর লাগোয়া কয়রা ও দাকোপ উপজেলার মানুষ প্রায় প্রতিটি ঘূর্ণিঝড়ের সময়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আড়াই লাখ লোকের জন্য যেখানে দাকোপ উপজেলায় অন্তত আড়াইশ’ সাইক্লোন শেল্টার দরকার সেখানে রয়েছে মাত্র ৫৮টি। এর মধ্যে ৪টি সাইক্লোন শেল্টারই পরিত্যক্ত। কয়রাতেও অন্তত ২২০টি সাইক্লোন শেল্টার দরকার হলেও রয়েছে মাত্র ৪৯টি।
এদিকে সাতক্ষীরা জেলায় মোট ১১৪টি সাইক্লোন শেল্টার রয়েছে। এরমধ্যে ৬৪টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং ৫০টি বন্যা আশ্রয় কেন্দ্র। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে আশাশুনি উপজেলায় ৫টি, দেবহাটায় ৭টি, কলারোয়ায় ৭টি, কালিগঞ্জে ৭টি এবং শ্যামনগরে রয়েছে ৩৮টি। বন্যাজনিত আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে সদর উপজেলায় ২৪টি শ্যামনগরে ১৮টি এবং তালায় ৮টি। এসব আশ্রয় কেন্দ্রে প্রায় ২৩ হাজার মানুষ আশ্রয় গ্রহণ করতে পারে। ইতিমধ্যে জেলায় আরো ৯টি আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। এরমধ্যে শ্যামনগর উপজেলায় ২টি, আশাশুনি উপজেলায় ২টি, কালিগঞ্জ উপজেলায় ২টি, দেবহাটা উপজেলায় ২টি এবং তারা উপজেলায় ১টি। আগামী ৩০ জুনের মধ্যে এসব আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজ শেষ হবে বলে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা যায়। সূত্র মতে, ঘূর্ণিঝড় মহাসেনের পর জেলার ঝুঁকিপূর্ণ আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থা সম্পর্কে জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি দেয়া হয়েছে। এখনো রিপোর্ট পাওয়া যায়নি।
দুর্যোগ ঝুঁকিতে বাগেরহাটের অধিকাংশ মানুষ
বাগেরহাট প্রতিনিধি নীহার রঞ্জন সাহা জানান, উপকূলীয় জেলা বাগেরহাটে নেই পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। প্রায় সাড়ে ষোল লাখ জনসংখ্যা অধ্যুষিত এই জেলার অধিকাংশ মানুষ দুর্যোগ ঝুঁকির মধ্যে বসবাস করছেন। জেলায় মোট ২০১টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, দুর্যোগকালে এ সব কেন্দ্রে পৌনে দুই লাখ মানুষ আশ্রয় নিতে পারে।
জেলার নয়টি উপজেলার মধ্যে উপকূলীয় চারটি উপজেলায় দুর্যোগ ঝুঁকি সব থেকে বেশি। উপজেলাগুলো হচ্ছে শরণখোলা, মংলা, মোরেলগঞ্জ ও রামপাল। এই চারটি উপজেলার লোকসংখ্যা প্রায় পৌনে আট লাখ। এখানকার অন্তত অর্ধেক জনসংখ্যার জন্য চার শতাধিক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রয়োজন। কিন্তু এই চার উপজেলায় বর্তমানে ১৬৩টি সরকারি-বেসরকারি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, বাগেরহাটে মোট ১২৯টি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান ও দাতা সংস্থার মাধ্যমে নির্মিত ৭২টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। এর অধিকাংশই স্কুল, কলেজ ও মাদ্রাসা ভবন। এ ছাড়া জেলায় বিশ্ব ব্যাঙ্কের টাকায় ১৮টি এবং ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ১৩টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ চলছে। পুরাতন আশ্রয় কেন্দ্রগুলোর ধারণ ক্ষমতা দুইশ থেকে পাঁচশ জন এবং সাম্প্রতিক সময়ে তৈরি আশ্রয় কেন্দ্রগুলোর ধারণ ক্ষমতা এক থেকে দেড় হাজার জন।
বাগেরহাটের জেলা প্রশাসক মুহা: শুকুর আলী জানান, দুর্যোগপ্রবণ এলাকায় আশ্রয় কেন্দ্রের প্রয়োজনীয়তা নিরূপণে সুনির্দিষ্ট কোন সরকারি নীতিমালা নেই। তিনি বলেন, বর্তমানে জেলায় ২০১টি সাইক্লোন শেল্টার রয়েছে, নির্মাণাধীন আছে আরো একত্রিশটি।
প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে আছে চাঁদপুরের চরাঞ্চলবাসী
চাঁদপুর প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন জানান, চাঁদপুরের বিভিন্ন চরে লক্ষাধিক মানুষ বাস করে। চরের এ লোকজন পেশায় কৃষি ও মত্স্য শিকার করে জীবিকা নির্বাহ করছে। এরা প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় আশ্রয় নেয়ার মতো পর্যাপ্ত আশ্রয় স্থল নেই। বর্তমানে এসব চরাঞ্চলের লোকজনের জন্য উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মতামত অনুযায়ী এ ৩টি উপজেলায় আশ্রয় কেন্দ্র কাম স্কুল ভবন রয়েছে ৮টি। এতে চরাঞ্চলের সকল নারী, পুরুষ ও শিশুদের আশ্রয় নেয়া কোন অবস্থাতেই সম্ভব হয় না।
শুধু চট্টগ্রামেই ৩০ লাখ মানুষ ঝুঁকির মুখে
চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামের উপকূলীয় এলাকায় বসবাসকারী প্রায় ৩০ লাখ লোকের জন্য ঘূর্ণিঝড় আশ্রয় রয়েছে মাত্র ৪৭৯টি, যা চাহিদার তুলনায় খুবই অপর্যাপ্ত। প্রতিটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে পারেন এক হাজার থেকে বারশ‘ দুর্গত মানুষ। এ হিসাবে এসব আশ্রয়কেন্দ্রের সর্বমোট ধারণ ক্ষমতা প্রায় সাড়ে চার লাখ। বিপুল সংখ্যক মানুষ এখনও আপদকালীন আশ্রয়কেন্দ্র সুবিধার বাইরে রয়ে গেছেন। অবশ্য দুর্যোগের সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকেও আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় এসব আশ্রয়কেন্দ্রের মধ্যে অনেকগুলোই জরাজীর্ণ ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বাঁশখালী উপজেলায় চারটি আশ্রয় কেন্দ্র সাগরগর্ভে বিলীন হয়ে গেছে। চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে প্রতিবছর সামুদ্রিক ঝড় একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ হিসেবে জনসাধারণের জন্য হুমকির কারণ হয়ে থাকায় ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে আশ্রয় কেন্দ্রের সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন বলে স্থানীয় জনগণ অভিমত ব্যক্ত করেন।
বর্ধিত চাহিদার কথা বিবেচনা করে সরকার চট্টগ্রামের সমুদ্র উপকূলীয় ছয়টি উপজেলায় নয়টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে। প্রতিটিতে আড়াই থেকে তিন হাজার মানুষ আশ্রয় নিতে পারবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, চট্টগ্রাম মহানগরী ও বিভিন্ন উপজেলায় বর্তমানে ৪৭৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে আশ্রয়কেন্দ্রের সংখ্যা ৭২টি। বাদবাকি ৪০১টি রয়েছে জেলার ১২ উপজেলায়। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে চার লাখ দুর্গত মানুষ আশ্রয় নিতে পারেন। চট্টগ্রামের লোহাগাড়া ও হাটহাজারী উপজেলায় কোনো আশ্রয়কেন্দ্র নেই।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল মালেক জানান, প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের উপকূলীয় সন্দ্বীপ উপজেলায় ২টি, বাঁশখালীতে ২টি, আনোয়ারায় ২টি এবং পটিয়া, আনোয়ারা ও মিরসরাইতে একটি করে বহুমুখি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। ইতিমধ্যেই পটিয়া ও বোয়ালখালির দু‘টি আশ্রয়কেন্দ্র নির্মাণের কার্যাদেশ দেয়া হয়েছে। বাকি সাতটির জন্য অচিরেই দরপত্র আহ্বান করা হবে।
বরিশাল অফিস জানান, বরিশাল জেলায় মোট সাইক্লোন শেল্টারের সংখ্যা ২২৯টি। এরমধ্যে বরিশাল সদরে ১১টি, আগৈলঝাড়ায় ১৬টি, হিজলা ২৬টি, মুলাদীতে ১১টি, গৌরনদীতে ১৫টি, উজিরপুরে ১২টি, বাবুগঞ্জে ১৩টি, মেহেন্দিগঞ্জে ৪৩টি, বাকেরগঞ্জে ৬৪টি ও বানারীপাড়ায় ১৮টি। একেকটি সাইক্লোন শেল্টারের ৬শ’ থেকে ৭শ’ মানুষ আশ্রয় নিতে পারবে। এর মধ্যে ভয়াল ঘূর্ণিঝড় সিডরের পূর্বে অধিকাংশ নির্মিত সাইক্লোন শেল্টার এখন বসবাসের অনুপযোগী। সিডরের পর যে সব সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় কম এবং তা অপ্রয়োজনী স্থানে নির্মাণের অভিযোগ রয়েছে।
প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নেই ভোলায়
ভোলা উত্তর প্রতিনিধি এম ফারুকুর রহমান জানান, ভোলার ৭টি উপজেলায় মোট ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দে র সংখ্যা ৩৬৬টি, যদিও জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন এই সংখ্যা ৩৪০। খোঁজ নিয়ে জানা গেছে অধিকাংশই ব্যবহার উপযোগী। তবে ভোলা সদর উপজেলার মোট ১০টির মধ্যে ০৮টির অবস্থাই নাজুক। এগুলির ধারণ ক্ষমতা ২ লক্ষের মত।
এই সমস্ত আশ্রয় কেন্দই মূল ভূ-খণ্ডের জন্যে আরও অন্তত ১০০টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ নির্মাণ জরুরি।
পিরোজপুরে অনেক আশ্রয়কেন্দ্র
ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে
পিরোজপুর অফিস থেকে নাসিম আলী জানান, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে আশ্রয় নেয়ারমত পর্যাপ্ত সাইক্লোন শেল্টার পিরোজপুর জেলায় নাই। ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসাবে চিহ্নিত উপকূলীয় জেলায় মোট ১২৮টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। যা ১২ লাখ জনসংখ্যার তুলনায় অপ্রতুল। এসব আশ্রয়কেন্দ্র গত ৮৩ সাল থেকে ৩০ বছরের বিভিন্ন সময়ে নির্মিত বলে কিছুকিছু কেন্দ্র জরাজীর্ণ হয়ে ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। ৮৩ সাল থেকে ৯৫ সাল পর্যন্ত নির্মিত স্বরূপকাঠি উপজেলার ৫টি, রেডক্রিসেন্ট নির্মিত মঠবাড়িয়া ও জিয়ানগরে ৩টি শেল্টারসহ ৩৩টি শেল্টার নড়বড়ে অবস্থায় রয়েছে। মঠবাড়িয়ার মাঝের চর ও কচুবাড়িয়া এবং জিয়ানগরের চন্ডিপুরে রেডক্রিসেন্ট নির্মিত ৩টি শেল্টার ৯৫ সালে উদ্বোধনের পর গত ১৮ বছরে মেরামত হয়নি। গত সিডরে মঠবাড়িয়ার বেতমোর রাজপাড়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটির পিলার নড়বড়ে হয়ে গেছে। এ কারণে সাম্প্রতিক মহাসেনের সময় গ্রামের লোকজন কেন্দ্রে উঠতে পারেনি। বিভিন্ন সময়ে শিক্ষা বিভাগ থেকে নির্মিত সাইক্লোন শেল্টারগুলোর বেশিরভাগের নির্মাণ কাজ নিম্নমানের হওয়ায় সেগুলোর স্থায়ীত্ব হুমকির মুখে। জেলার মঠবাড়িয়া উপজেলার ৩৩টি, ভাণ্ডারিয়ায় ৪০টি, জিয়ানগরে ১০টি, স্বরূপকাঠিতে ২১টি, সমরে ৯টি, কাউখালীতে ৬টি এবং নাজিরপুরে ৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। এরমধ্যে ৩৫টি কেন্দ্র রয়েছে কম ঝুঁকিপূর্ণ এলাকায়।
