নিজ দলের বাইরে অস্ত্র বিক্রি করেন না তিনি

আপডেট : ২৪ মে ২০১৩, ২২:৪২
ফখরুল ইসলাম অপু। এমবিএ পাস। কোন চাকরি-বাকরি করে না। প্রথম স্ত্রীও এমবিএ পাস। তিনি বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। তিনি থাকেন আলাদা বাসায়। আর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ব্যবসা করছেন অবৈধ অস্ত্র ও ইয়াবার। আর এ জন্য গড়ে তুলছেন একটি সন্ত্রাসী চক্র। এছাড়াও তিনি যুক্ত রয়েছেন একটি রাজনৈতিক দলের সঙ্গে। তবে অস্ত্র বিক্রির ক্ষেত্রেও তার রয়েছে সীমাবদ্ধতা। নিজ দলের বাইরে কারো কাছেই তিনি অস্ত্র বিক্রি করেন না। রাজধানীতে রয়েছে তার দুইটি ফ্ল্যাট, দুইটি দামি গাড়ি, চারটি মোটরসাইকেল। কুমিল্লা সিটি কর্পোরেশনের একজন প্রভাবশালী ব্যক্তির তিনি ভাতিঝা। অপু সম্পর্কে এ তথ্য জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। ফখরুল ইসলাম অপুসহ তার ছয় সহযোগীকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি (দক্ষিণ) ছানোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত রাজধানীর মিরপুর, উত্তরা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৬টি পিস্তল, ৭০ রাউন্ড গুলি ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট। গ্রেফতারকৃত অন্যরা হলেন-মোবারক হোসেন মাসুদ, শহীদুল ইসলাম খোকন, সুমন হোসেন, কামরুজ্জামান ইমরান, হালিমা আক্তার লিজা ও সুচন্দা মান্না রাবেয়া। এরমধ্যে লিজা ফখরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। আর কামরুজ্জামান ইমরানের স্ত্রী সুচন্দা ভারতীয় নাগরিক। ইমরান পুলিশের তালিকাভুক্ত শীর্ষসন্ত্রাসী শাহাদাতের সহযোগী। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে গ্রেফতার অভিযানের বিস্তারিত তুলে ধরেন ডিবির জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, তথ্য ছিল এ চক্রটি ট্রাকে করে ২২টি অস্ত্র ঢাকায় আনছে। এরপর রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে অভিযান চালানো হয়। পরে মিরপুরের মসজিদুল আকবর মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয় মোবারক হোসেন মাসুদ ও শহিদুল ইসলাম খোকনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুইটি অস্ত্র। এরপর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের হুমায়ুন রোডস্থ এসএম কার পেইন্টের সামনে গোয়েন্দা পুলিশ ফখরুল ইসলাম অপু ও সুমন হোসেনকে চ্যালেঞ্জ করে। এসময় সুমন পুলিশকে লক্ষ্য করে ৩/৪ রাউন্ড গুলি ছুঁড়ে পালাবার চেষ্টা করে। গোয়েন্দারাও গুলি ছোঁড়ে। পরে স্থানীয়দের সহায়তায় অপু ও সুমনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার ও ১৩ রাউন্ড গুলি। পরে অপুর দেয়া তথ্যমতে, মোহাম্মদপুরের হাজী চিনু মিঞা রোডস্থ আজিজ মহল্লার ১৩/৩, বাসার ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২০০ পিস ইয়াবা। গ্রেফতার করা হয় কামরুজ্জামান ইমরান, হালিমা আক্তার লিজা ও সুচন্দা মান্না রাবেয়াকে। জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম জানান, এ চক্রের প্রধান ফখরুল ইসলাম অপু। তিনি কুমিল্লার স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। অপু রাজধানীতে একাধিক বাড়ি ভাড়া করে অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তিনি অস্ত্র বিক্রির পাশাপাশি সন্ত্রাসীদের কাছে ভাড়াও দিয়ে থাকেন। এছাড়া আগামী নির্বাচন সামনে রেখে কোনো কোনো রাজনৈতিক দলের লোকজন তার কাছ থেকে অস্ত্র সংগ্রহ করছে। তিনি আরও বলেন, যেসব রাজনৈতিক দল বা নেতা তাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে, তাদের তালিকা পাওয়া গেছে। পাওয়া গেছে সন্ত্রাসী গ্রুপের নামও। এডিসি ডিবি ছানেয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের দেয়া তথ্যমতে, একজন ছাত্রনেতার বাসায় অভিযান চালানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। ঐ ছাত্রনেতা কয়েকদিন আগে অপুর কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র কিনেছিল। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদেরকে গতকাল ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। আদালত ফখরুল ইসলাম অপু ও সুমন হোসেনকে ৭ দিন, কামরুজ্জামানকে ৩ দিন, মোবারক হোসেন মাসুদ ও শহিদুল ইসলাম খোকনকে ৫ দিন ও হালিমা আক্তার লিজা ও সুচন্দা মান্না রাবেয়াকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।