পুলিশকে টাকা দিয়েও স্বামীকে বাঁচাতে পারলাম না :তুলি

আপডেট : ২৪ মে ২০১৩, ২২:৪৩
অপরাধী যেই হোক তার শাস্তি নিয়ে কারো কোন দ্বিমত নেই। আর যদি সেই বিষয়টি ভিন্নখাতে নেয় রক্ষক হয়ে ভক্ষকরা, তাহলে যা হওয়ার তাই হবে। ফোর মার্ডারে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ শামীম নামে এক যুবককে গত ১৪ মে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে থানা হেফাজতে ও ওসি’র বাসভবনে। তাকে সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির গত বুধবার শামীম মারা যায়। ওই দিন ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তকালে চিকিত্সক শামীমের দেহে অসংখ্য আঘাতের চিহ্নের আলামত পান। শামীমের দেহের এমন কোনও জায়গা নেই, যেখানে প্রহারের চিহ্ন নেই। শামীমকে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়। এদিকে শামীমকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি আদায়ে নির্যাতনের যত কায়দা সবই পুলিশ তার দেহে প্রয়োগ করেছে। শামীমের স্ত্রী সাবিকুন নাহার তুলিসহ আত্মীয়-স্বজনরা জানান, সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান, ওসি (তদন্ত) অরুপ তরফদার ও সার্কেলের এএসপি উত্তম প্রসাদ পাটক শামীমকে নির্মমভাবে নির্যাতন চালায়। তাকে নির্যাতন থেকে রক্ষা করতে চাইলে স্বজনদের কাছে পুলিশ সাত লক্ষ টাকা ঘুষ দাবি করে। অবশেষে শামীমকে রক্ষা করার জন্য তুলি আত্মীয়-স্বজনদের কাছ থেকে বিভিন্নভাবে ধার করে আড়াই লাখ টাকা জোগাড় করে ওসি (তদন্ত) অরুপ তরফদারের হাতে তুলে দেন। এই টাকা দেয়ার পরও তারা শামীমকে নির্যাতনের হাত থেকে রেহাই দেয়নি। কান্নাজড়িত কণ্ঠে তুলি বলেন, ওসির কথা অনুযায়ী স্বামীকে জীবিত পেতে আড়াই লাখ টাকা দিয়েছিলাম। অতঃপর আমার ভাগ্যে মিললো স্বামীর লাশ। তাদের অভিযোগ, শামীম সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী শামীমা আক্তার সুমাসহ ফোর মার্ডারে জড়িতদের সম্পর্কে অনেক কিছু জানতেন। এই হত্যাকাণ্ডের অন্যতম আসামি চেয়ারম্যানের পুত্র শাহাদাতকে রক্ষা করতে শামীমকে কৌশলে পুলিশ হেফাজতে হত্যা করা হয়। এর জন্য পুলিশ মোটা অংকের উেকাচ পেয়েছে বলে তুলি ও আত্মীয়-স্বজনরা দাবি করেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার নূরুল ইসলাম গতকাল ইত্তেফাককে বলেন, এই ফোর মার্ডারের বিষয়ে আদালতে ১৬৪ ধারায় যে চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাদের মধ্যে একজন শামীম। শামীম উক্ত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে তিনি জানান। তবে তাকে থানায় নির্যাতন ও আড়াই লাখ টাকা ঘুষ নেয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তির পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সুপার জানান। শামীম হত্যাকাণ্ড নিয়ে সোনারগাঁও উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এলাকাবাসী প্রতিদিন আন্দোলন করে যাচ্ছেন। গতকাল বিকালে সোনারগাঁও উপজেলাবাসী কাঁচপুর ব্রিজ থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের দাবি, শামীম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা না হলে তারা সড়ক অবরোধসহ বড় ধরনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেবেন। এলাকাবাসীর দাবি, এ হত্যাকাণ্ডে শামীম জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। এ নিয়ে আমাদের কোন দ্বিমত নেই। জিজ্ঞাসাবাদের নামে ওসির বাসায় নিয়ে রাতভর নির্যাতন চালিয়ে শামীমকে হত্যা করে ফোর মার্ডারের প্রকৃত ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করা হয়েছে বলে তারা জোর দাবি তুলেন। এই হত্যাকাণ্ডের নেপথ্যে রফিক চেয়ারম্যান জড়িত বলে তাদের দাবি। পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেন, শামীমকে যদি নির্যাতন করে হত্যা করা হয় তাহলে তদন্তে প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার জন্য ১ লাখ ৩২ হাজার পুলিশ সদস্য দুর্নামের ভাগিদার হতে পারে না বলে অপর এক শীর্ষ কর্মকর্তা জানান। হাসপাতাল সূত্র ও কারাগার সূত্র জানায়, নিহত শামীমের শরীরে আঘাতের চিহ্ন ছিল। অপরদিকে নারায়ণগঞ্জ কারাগার সূত্রে জানা গেছে, শামীমের অবস্থা এতটাই খারাপ ছিল যে, তারা শামীমকে গ্রহণ করতে অনিহা প্রকাশ করে। এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, হত্যা মামলার ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য রফিক চেয়ারম্যান ও তার আত্মীয়-স্বজনেরা উঠে পড়ে লেগেছে। হত্যাকাণ্ডের পর থেকে রফিক চেয়ারম্যানের বড় ভাই শফিকুল ইসলাম মাস্টারের ছেলে বাবু পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করলে হত্যা মামলার অনেক রহস্য বেরিয়ে আসবে বলে এলাকাবাসী মনে করেন। যেভাবে হত্যার পরিকল্পনা করা হয়: ঘটনাস্থলের আশপাশের বাসিন্দা, আত্মীয়স্বজন ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ৬ মাস যাবত্ চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রী শামীমা আক্তার সুমা ও শ্যালক রানাকে হত্যার পরিকল্পনা চলছিল। গত ১৯ এপ্রিল গভীর রাতে চেয়ারম্যান রফিকের ঝাউছড়া গ্রামের বাড়িতে তার স্ত্রী সুমাসহ চার জনকে খুন করা হয়। হত্যাকান্ডের ১৫ দিন পূর্বে চেয়ারম্যান রফিকের ভাই হাবিবুর রহমান হাবুর মেয়ে সালমার ঢাকার উত্তরার (সেক্টর ও রোড-৩, রাসা নং-১৩) ২য় তলায় বসে হত্যাকান্ডের পরিকল্পনা করা হয়েছে দাবি নিহত সুমার পরিবারের। সালমার স্বামী অয়ণের মাধ্যমে হত্যাকান্ডের জন্য ভাড়াটে কিলার ঠিক করা হয়। পুলিশ অয়ণকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। চেয়ারম্যানের ২য় স্ত্রী শামীমা ইসলাম সুমাকে যাতে সম্পত্তির ভাগ দিতে না হয় সেজন্য তাকে ও শ্যালক রানা চেয়ারম্যানের ব্যবসা দেখা শুনা করত বিধায় তাকেও হত্যা করা হয়। গৃহপরিচারিকা মনি ও রেখা হত্যাকান্ডের ঘটনা দেখে ফেলায় তাদেরকেও খুন করা হয়। রফিক চেয়ারম্যান বিদেশে অবস্থানকালে ঘটনার রাত সাড়ে ১১টায় তার ২য় স্ত্রী শামীমার মোবাইলে ফোন করে খবর নেন। বাসায় কে কে অবস্থান করছে এ খবরও নেন। আরও জানা যায়, রফিক চেয়ারম্যান দেশে পাথর, বালু ও ইটের ব্যবসা করলেও বিদেশে তার কোন ব্যবসা নেই। কিন্তু হত্যাকান্ডের সময় তিনি কি কারণে বিদেশে ছিলেন সে রহস্য গোরপাক খাচ্ছে। অনুসন্ধানে আরও জানা যায়, চেয়ারম্যানের স্ত্রী সুমা তার চেয়ারম্যানের ব্যবসায়ীক পার্টনার আলমগীরের হাত ধরে বাসা থেকে পালিয়ে গিয়েছিলেন। সে কারণেও সুমা খুন হতে পারে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ রফিক চেয়ারম্যানের ভাই হাবিবুর রহমান হাবু, চেয়ারম্যানের ছেলে শাহাদাত হোসেন, চেয়ারম্যানের বডিগার্ড বাদশা মিয়া, চেয়ারম্যানের ড্রাইভার শাহ্ আলম, নৈশ প্রহরী আব্দুস সাত্তার, সুমার মামাতো ভাই রাজিব, মোশারফ হোসেন, আলম হোসেন, আশরাফুল ও শামীম (বুধবার মারা গেছেন) কে পুলিশ গ্রেপ্তার করে। রিমান্ডে স্বীকারোক্তি দিলেন যারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নৈশ প্রহরী আব্দুস সাত্তার। তিনি আদালতকে জানান, শাহাদাত বাদশা ও আরো দু’জন বাহিরে ছিলেন। বাকি তিনজন বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করেন। তাদের তিনি চিনেন না। বডিগার্ড বাদশা মিয়া, আদালতকে জানান, তিনি শাহাদাত অয়ন ও আশরাফুল বাহিরে দাঁড়ানো ছিলেন। ভিতরে চার জন প্রবেশ করেন। তাদেরকে তিনি দেখেননি। মামাতো ভাই রাজিব জানান, শাহাদাত ও বাদশা বাহিরে ছিলেন। শামীম, রাজিব, কিলার মিঠু, সোহাগ ও তিনি ভিতরে প্রবেশ করেন এবং কিলিং মিশনে অংশ নেন। আশরাফুল ও শামীম জানান, তিনি রাজিব, কিলার মিঠু ও সোহাগ ভিতরে প্রবেশ করেন। যেভাবে হত্যাকান্ডের ঘটনা ঘটে সম্পত্তি এককভাবে ভোগ করার জন্য চেয়ারম্যানের ছেলে শাহাদাত তার সত্ মা শামীমা ইসলাম সুমাকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার রাতে সুমার মামাতো ভাই রাজিবকে দেড় লাখ টাকার বিনিময়ে বাড়ির গেইট ও ঘরের দরজা খোলার দায়িত্ব দেন। রাজিব তার মামাতো বোন সুমাকে ফোন করার পর ঘরের দরজা খুললে কিলার মিঠু ও আরও তিন জন প্রথমে চেয়ারম্যানের শ্যালক রানাকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা এবং পরে চেয়ারম্যানে স্ত্রী সুমাকে তার ঘরে একইভাবে জবাই করে হত্যা করা হয়। গৃহপরিচারিকা মনি ও রেখা হত্যাকান্ডের ঘটনাটি দেখে ফেলায় তাদেরকেও নৃশংসভাবে খুন করা হয়। পুলিশ ইতোমধ্যেই নিহত রানা ও সুমার ব্যবহূত ফোন দুটি মামাতো ভাই রাজিবের কাছ থেকে উদ্ধার করেছে। কিলার মিঠু ও সোহাগকে পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।