জামায়াত-শিবিরের ৪ নেতা-কর্মীকে গতকাল শুক্রবার পুলিশ গ্রেফতার করেছে। এদের মধ্যে দিনাজপুরে ২ শিবির কর্মীকে হেফাজতের ইসলামের ব্যানারে সরকার বিরোধী স্লোগান সম্বলিত পোস্টারসহ গ্রেফতার করা হয়। চট্টগ্রাম অফিস, দিনাজপুরের স্টাফ রিপোর্টার ও সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতার পাঠানো খবর।
চট্টগ্রাম অফিস জানায়, নগরীর কোতোয়ালি থানা জামায়াতের আমীর ফয়সাল মোহাম্মদ ইউনুসকে গতকাল দুপুরে চকবাজার এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
দিনাজপুরের স্টাফ রিপোর্টার জানান, জেলার ১৩টি উপজেলার স্থানীয় পর্যায়ে হেফাজতে ইসলামের ব্যানারে সরকার বিরোধী স্লোগান সম্বলিত ছোট-বড় অসংখ্য পোষ্টার ও লিফলেট বিভিন্ন স্থানে লাগানোর সময় গতকাল ২ শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দিনাজপুরের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য জানান, পার্বতীপুর উপজেলার বাঙালীপাড়া মহল্লা থেকে মাহবুবুর রহমান (২০) এবং চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজার থেকে পোষ্টারসহ মোর্তুজা আলীকে (৪০) গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংশিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে জেলার সীমান্তবর্তী উপজেলা ফুলবাড়ী, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ, পার্বতীপুর, চিরিরবন্দর ও সদরসহ সকল উপজেলায় এ ধরনের পোষ্টার ও লিফলেট লাগানোর কারণে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে।
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, উপজেলার ঢেমশা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গতকাল স্থানীয় জামায়াতের আমির মাহবুবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উত্তর ঢেমশা বোর্ড অফিস এলাকার মৃত সোলতান আহমদের পুত্র। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
