বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা বাতিল হতে পারে

আপডেট : ২৪ মে ২০১৩, ২২:৪৪
সাম্প্রতিককালে ভবন ধস ও অগ্নিকাণ্ডে গার্মেন্টস শ্রমিক হতাহতের ঘটনায় ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার ইইউ পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশন শেষে গৃহীত এক প্রস্তাবে এ পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। এ সংক্রান্ত ইইউ’র ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্মেন্টস ভবন ধস ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ইইউ পার্লামেন্টের সদস্যরা। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য ইইউ’র পদক্ষেপ চান তারা। একই সঙ্গে তারা চান, ইইউ সদস্য দেশের যেসব কোম্পানি বাইরে ব্যবসা করছে তারা যেন দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে। বিশেষ করে মানবাধিকার, শ্রম ও কর্মপরিবেশের ক্ষেত্রে যেসব আইনি বাধ্যবাধকতা রয়েছে, তা যেন কঠোরভাবে অনুসরণ করে। পার্লামেন্টে দীর্ঘ আলোচনার পর ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশ সংক্রান্ত এ প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়, মানবাধিকারভিত্তিক বিভিন্ন সনদে উল্লেখিত আদর্শসমূহ ‘গুরুতর ও পদ্ধতিগতভাবে’ লঙ্ঘিত হতে থাকলে ইউরোপের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রত্যাহার করা হতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ সংশ্লিষ্ট সনদগুলো লঙ্ঘন করলে কমিশনের তা খতিয়ে দেখা উচিত। প্রস্তাবে আরো বলা হয়, রানা প্লাজা ধস, তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড কিংবা অন্য কোথাও অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে এবং ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের শ্রম আইন সংশোধনের লক্ষ্যে চলতি মাসের শুরুতে নেয়া কর্মপরিকল্পনাকে স্বাগত জানান ইইউ পার্লামেন্টের সদস্যরা। এদিকে ২৮ থেকে ৩০ মে একটি সেমিনারে অংশ নিতে ব্রাসেলসে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। ব্রাসেলস সফরকালে তিনি ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা বজায় রাখতে ইইউ’র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বাংলাদেশের তৈরি পোশাকের প্রায় ৬০ শতাংশই রফতানি হয় ইউরোপে।