রাজপথে সভা-সমাবেশের অনুমতি না পেয়ে আবারও হরতালে ফিরেছে বিএনপি। শুধু সভা-সমাবেশ করতে না পারা নয়, দলীয় কার্যালয়ে পর্যন্ত নেতা-কর্মীদের জড়ো হতে না দেয়া, এমনকি দোয়া-মাহফিলও করতে না দেয়ায় আপাতত হরতালের কর্মসূচি দেয়া ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই বিরোধী দলের সামনে। হরতাল আহ্বান করতে সরকারের অনুমতি লাগে না। এই অবস্থায় আগামী রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। হরতালের পাশাপাশি জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশনেও যোগ দেবে বিরোধী দল। হরতাল আর সংসদ, এই দুটিই এখন বিরোধী দলের ভরসা হয়ে উঠেছে। তবে সংসদে ফিরলেও বিএনপি নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতির কোনো রূপরেখা দেবে না।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গতকাল ইত্তেফাককে বলেন, আমরা হরতাল থেকে অনেকটা সরে এসেছিলাম। কিন্তু সরকার মিছিল-মিটিংয়ের অধিকার কেড়ে নিয়ে আমাদের হরতাল ডাকতে বাধ্য করেছে। হরতাল দেয়া ছাড়া আমাদের সামনে এখন বিকল্প নেই।
সাভারে রানা প্লাজা ধসে ব্যাপক প্রাণহানির ঘটনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের কারণে সংলাপের এক ধরনের আবহ তৈরি হওয়া, জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর ঢাকা সফরের মধ্য দিয়ে সংলাপের সেই সম্ভাবনা আরও উজ্জ্বল হওয়ায় এবং সর্বশেষ ঘূর্ণিঝড় মহাসেনের কারণে হরতালসহ রাজপথে বড় কর্মসূচি দেয়া থেকে একরকম বিরতি নেয় বিরোধী জোট। তবে ১৫ মে নয়াপল্টনে ১৮ দলকে সমাবেশের অনুমতি না দেয়ায় এবং অনেকটা আকস্মিকভাবে ১৯ মে ঢাকা মহানগরে আগামী এক মাস রাজনৈতিক সভা-সমাবেশের অনুমতি দেয়া হবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বক্তব্য দেয়ায় সংলাপের সৃষ্ট সম্ভাবনা আপাতত উবে যায়। ১৮ দলীয় জোট সর্বশেষ হরতাল ডেকেছিল ১৯ মে। ১৫ মে নয়াপল্টনে সমাবেশের অনুমতি না পেয়ে ঐদিন দুপুরে এই হরতালের ঘোষণা দেয়। ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় সাড়ে সাত ঘণ্টার মাথায় এই হরতাল প্রত্যাহার করে নেয় ১৮ দল। এর আগে সাভারে ভবন ধসের উদ্ধারকাজের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ২ মে’র হরতাল প্রত্যাহার করে নেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। এরপর আর হরতালের কর্মসূচিতে যায়নি বিরোধী দল।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর গতকাল ইত্তেফাককে বলেন, সভা-সমাবেশের অনুমতি সরকার দেবে না, একথা ঠিক নয়। বিরোধী দল যদি সভা-সমাবেশের নামে গাড়িতে আগুন না দেয়ার, বোমাবাজি না করার, কোরআন না পোড়ানোর এবং অন্যের সম্পদ ধ্বংস না করার প্রতিশ্রুতি দেয়, তাহলে তাদেরকে সমাবেশের অনুমতি দিতে আমাদের আপত্তি নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সভা-সমাবেশের অনুমতি না পাওয়ায় বিরোধী দল আবার হরতালে ফিরেছে, আমি এটা মনে করি না। তারা রবিবার হরতাল ডেকেছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে। এরপরেও তাদের বেআইনি এই হরতাল সর্বাত্মকভাবে প্রতিহত করা হবে।
এদিকে, আগামী ৩ জুন শুরু হচ্ছে বর্তমান সরকারের সর্বশেষ বাজেট অধিবেশন। সূত্রমতে, ৯ জুন বিরোধী দল সংসদে ফিরতে পারে। সংসদে ফিরে নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা পুন:প্রবর্তনের দাবি জানাবে। তবে কোনো রূপরখো বা ফর্মুলা দেবে না বিরোধী দল। এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আমরা সংসদে যাব। সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক মেনে নেয়ার জন্য সরকারকে আবার প্রস্তাব দেব। তবে বিরোধী দল কোনো ফর্মুলা দেবে না। ’৯৬ সালে তত্কালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে ফর্মুলা দিয়েছিলেন, সেটিই আমাদের ফর্মুলা। বর্তমান সরকারই সেই ব্যবস্থা বাদ দিয়েছে, এখন তাদেরই উচিত তা ফিরিয়ে আনা।
নির্দলীয় সরকার ব্যবস্থার দাবি মেনে নেয়ার জন্য বিরোধী দল গত প্রায় দুই বছর ধরে আন্দোলন করে এলেও সরকার তার অবস্থান থেকে টলেনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দলের দায়িত্বশীল একাধিক নেতা বলেছেন, নির্বাচিত এমপিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, সেই সরকারের প্রধান কে হবেন তা নিয়ে আলোচনা হতে পারে। তবে এই ফর্মুলায় সায় নেই বিরোধী দলের।
এই অবস্থায় বিরোধী দল সংসদে গেলেও এবং নির্দলীয় সরকার ব্যবস্থা মেনে নেয়ার প্রস্তাব দিলেও তাতে কোনো ফল হবে বলে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। সুশাসনের জন্য নাগরিক, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ইত্তেফাককে বলেন, সরকার ও বিরোধী দল দু’পক্ষই শুধু আলোচনা কিংবা সংলাপের কথা বলছে। তবে কেউ কোনো ছাড় দিতে রাজি নয়। সুতরাং আগামী নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতা সৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সংসদে এই ইস্যুতে সমাধানে পৌঁছানোর আগে দু’পক্ষের রাজনৈতিক সদিচ্ছা ও অনানুষ্ঠানিক রাজনৈতিক সমঝোতা অপরিহার্য।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও বলেছেন, সংসদে এই সমস্যার সমাধানের কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত সরকারের সদিচ্ছার উন্মেষ না ঘটবে ততক্ষণ পর্যন্ত আলোচনা কিংবা প্রস্তাব সবই অর্থহীন।
বিএনপি সূত্রে জানা গেছে, তারাও ধারণা করছেন-সরকার নির্দলীয় সরকার পদ্ধতি মেনে নেবে না। সংবিধানের পথ ধরে নির্বাচনের দিকে অগ্রসর হবে সরকার। তবে দাবি মানতে সরকারের ওপর চাপ জোরদার করার লক্ষ্যে ১৮ দলীয় জোটের বাইরে থাকা অন্যান্য উল্লেখযোগ্য রাজনৈতিক দলকেও এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে বিএনপি। বিশেষ করে অধ্যাপক বি. চৌধুরীর বিকল্পধারা, কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ, আ.স.ম রবের জেএসডিসহ যেসব দল জামায়াতের কারণে সরাসরি ১৮ দলে সমবেত হতে রাজি নয়, নির্দলীয় সরকারের দাবিতে তাদেরকে অন্তত যুগপত্ আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্যে এর মধ্যেই উদ্যোগ নেয়া হয়েছে।
