আজ থেকে বৃষ্টির দাপট কমতে পারে

আপডেট : ২৪ মে ২০১৩, ২২:৫০
আজ শনিবার থেকে বৃষ্টির দাপট কমতে পারে। গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতের বিহারে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বর্ষণ হচ্ছে। ২/১ দিনের মধ্যে এই অবস্থার উন্নতি হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূল পর্যন্ত এসে পৌঁছেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই মৌসুমী বায়ু বাংলাদেশে বিস্তার লাভ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণ হয়েছে। তবে গতকাল সকালে বৃষ্টির তীব্রতা কমে এলেও বিকালে আবারো বৃষ্টি হয়েছে। ফলে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হয়েছে। সরকারি ছুটির দিনে অনেককেই ঘরে বসে সময় কাটাতে হয়েছে। যারা বাইরে বেরিয়েছিলেন তারা বৃষ্টিতে ভিজে ঘরে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত কুতুবদিয়ায় ৮৮ মি.মি. রাজশাহীতে ৭০ মি.মি. ঈশ্বরদীতে ৬১ মি.মি. কক্সবাজারে ৫৮ মি.মি এবং মাইজদী কোর্টে ৩৬ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে স্থলভাগের উপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।