বিমানের হংকংগামী ডিসি-দশের ডানায় আগুন

আপডেট : ২৪ মে ২০১৩, ২২:৫০
হযরত শাহজালাল বিমানবন্দরে ওড়ার আগ মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হংকংগামী একটি উড়োজাহাজের ডানায় আগুন লাগায় যাত্রা বাতিল করা হয়েছে। তবে বিমানের প্রধান প্রকৌশলী দেবব্রত বণিক সাংবাদিকদের জানান, বিমানের ডানায় আগুন লাগেনি। কারিগরি সমস্যার কারণে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে উড়োজাহাজটি শেষ পর্যন্ত উড্ডয়ন আর করেনি। এ ঘটনায় কেউ আহত হননি। শুক্রবার বেলা সোয়া দুইটায় ডিসি-১০ উড়োজাহাজটির রওনা হওয়ার কথা ছিল। কিন্তু যাত্রা বাতিল হওয়ায় রাত ১০টায় অন্য একটি বিমানে যাত্রীদের হংকংয়ে পৌঁছানোর ব্যবস্থা করা হয় বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। সমস্যায় পড়া উড়োজাহাজটির ত্রুটি মেরামতের কাজ শুরু হয়েছে।