যুবদল নেতাকে ট্রাকের নিচে ফেলে হত্যার অভিযোগে টঙ্গী মডেল থানার ওসি ইসমাইল হোসেনকে গত বৃহস্পতিবার রাতে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে গ্রেফতার অভিযান চলাকালে টঙ্গীর এরশাদনগর পুনর্বাসন এলাকার ২ নম্বর ব্লক যুবদলের সভাপতি নিজাম উদ্দিনকে মারধর করে ধাক্কা দিয়ে চলন্ত গাড়ির নিচে ফেলে তিনি হত্যা করেন বলে নিহতের পরিবার অভিযোগ করে। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ, গাড়ি ভাংচুর ও পুলিশের একটি পিকআপ ভ্যান জ্বালিয়ে দেয়। টঙ্গী মডেল থানার বিতর্কিত এসআই খায়রুল বাশারকে ওই দিন রাতেই পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। এব্যাপারে টঙ্গী মডেল থানায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেননি। বরং অভিযোগ জানানোর জন্য তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে নিহতের পরিবার অভিযোগ করেন। গাজীপুর পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
