আবারও ‘কে হতে চায় কোটিপতি’তে আসাদুজ্জামান নূর

আপডেট : ২৫ মে ২০১৩, ১৯:৪০
শীঘ্রই শুরু হতে যাচ্ছে ‘কে হতে চায় কোটিপতি’র ২য় সিজন। বিশ্বমাতানো আন্তর্জাতিক মানের এই মেধাভিত্তিক টিভি অনুষ্ঠানটির নতুন কার্যক্রমের ঘোষণা আসছে সহসা। এমনটাই জানা গেছে বিশ্বস্ত সূত্রে। গতবারের মতো এবারও ‘কে হতে চায় কোটিপতি’র আয়োজন করছে দেশের অন্যতম আয়োজক ও নির্মাণ প্রতিষ্ঠান ডেল্টা বে। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যেই এই শোয়ের সুনির্দিষ্ট বিস্তারিত জানা যাবে। তবে প্রথম সিজনের চেয়ে এবারের সিজনে আরও বেশি চমক ও জাঁকজমক করার উদ্দেশ্যেই কাজ চলছে। উল্লেখ্য, ‘কে হতে চায় কোটিপতি’র প্রথম সিজনে এটি সঞ্চালনা করেছেন দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব আসাদুজ্জামান এমপি। এবারের সিজনটিও তিনিই সঞ্চালনা করবেন বলে জানা যায়। আর বরাবরের মতো অনুষ্ঠানটি প্রচার হবে দেশ টিভিতেই। উল্লেখ্য, ‘কে হতে চায় কোটিপতি’র প্রথম সিজনটি বিশ্বের অন্যান্য দেশের মতো এ দেশেও বেশ আলোচিত ও জনপ্রিয় হয়। অনুষ্ঠানে সাধারণ দর্শক ও অংশগ্রহণকারীদের পাশাপাশি আগ্রহ ছিল তারকাদেরও। আর তাই দেশে শীর্ষ ও জনপ্রিয় তারকারাও অংশ নিয়েছিলেন। খুব শীঘ্রই এর দ্বিতীয় সিজনের বিস্তারিত জানানোর উদ্দেশ্যে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।