শুধু নামেই নয়, চলন-বলনেও নিজের রাজকীয় ঢঙটা সবসময়ই প্রকাশ করে যাচ্ছেন বলিউডের কিং খান শাহরুখ। বান্দ্রাতে নিজের বাংলো ‘মান্নাত’কেও গড়ে তুলেছেন রাজকীয় ভঙ্গিতেই। বান্দ্রার ২৬,৩২৯ বর্গফুটের এই প্লটটি কিং খান সরকারের কাছ থেকে লিজ নিয়েছিলেন বার্ষিক ২,৩২৫ টাকা খাজনায়। চলতি বছরের শুরুতেই ভারতীয় সরকার এসব লিজে থাকা জমির মালিকদের জন্য বিশেষ একটি সুযোগ প্রদানের সিদ্ধান্ত নেয়। এরই প্রেক্ষিতে এবারে বান্দ্রার প্লটটি কিনে নিতে যাচ্ছেন কিং খান। আর এর জন্য তাকে গুণতে হচ্ছে ৮ কোটি ৩০ লক্ষ রুপি। কপালটা ভালোই কিং খানের। কেননা, রিয়েল এস্টেটের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, মান্নাত যে প্লটটির উপর অবস্থিত, বর্তমান সময়ে তার প্রকৃত দাম ২০০ কোটি রুপিরও বেশি। ইতোমধ্যেই প্লটটি কিনে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস।
