একাধিক মিউজিকে ব্যস্ত মনি

আপডেট : ২৫ মে ২০১৩, ১৯:৪১
প্রচারের আলো থেকে কিছুটা দূরে থাকলেও একটু একটু করে দীর্ঘদিন ধরেই গানের কম্পোজিশনের কাজে এগিয়ে যাচ্ছেন মনি। পুরো নাম তৌহিদ আল মনি। সাউন্ড ইঞ্জনিয়ারিংয়ে দীর্ঘদিনের গবেষণা তার। মনির কথায়, ‘এসব কাজই একেবারে নেশা থেকেই করা। একটা সময় ছিল, রাত দিন মিউজিকের আপডেট সফটওয়্যারগুলো সংগ্রহ করতাম। তবে নিজের এতদিনের অভিজ্ঞতা নিয়ে এবারে একটি মিক্সড অ্যালবাম রিলিজ দেব খুব শিগগিরই। এতে এ সময়ের জনপ্রিয় ও নতুন কণ্ঠশিল্পীরা কণ্ঠ দেবে।’ উল্লেখ্য, কম্পোজিশনের পাশাপাশি মনি গিটার, বেহালা, ড্রামসেও পারদর্শী। এর আগে তার ফিচারিং ৪টি অ্যালবাম বাজারে বেরিয়েছে। এগুলো হলো ‘কল্পনার প্রতিচ্ছবি’, ‘ভালোবাসার রং’, ‘একটু একটু ভালোবাসা’ ও ‘একাকী রোদ্দুর’। এ ছাড়া মোহাম্মদ হোসেন জেমীর ‘কিং খান’ চলচ্চিত্রের টাইটেল গানসহ পুরো ছবিটির ব্যাকগ্রাউন্ডের কাজ করেছেন। নিজের রেকর্ডিং স্টুডিও ‘ওয়েভল্যাব’-এ তাই কাটছে তার সুরের সাথে দিনরাত্রি।