দুই হাজার উদ্যোক্তা তৈরিতে ঢাকা চেম্বারের উদ্যোগ

আপডেট : ২৫ মে ২০১৩, ১৯:৪৪
দুই হাজার উদ্যোক্তা তৈরিতে একটি প্রকল্প হাতে নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। আগ্রহ, শিক্ষা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞানের ভিত্তিতে ৬৪ জেলা থেকে উদ্যোক্তাদেরকে বাছাই করা হবে। তবে আবিষ্কারমূলক কর্মকাণ্ড বা ইনোভেটিভ উদ্যোগের ক্ষেত্রে এসব শর্ত শিথিল করা হবে। গতকাল দুপুরে চেম্বার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান, ডিসিসিআই প্রেসিডেন্ট মো. সবুর খান। এসময় ডিসিসিআইয়ের পরিচালকগণ উপস্থিত ছিলেন। সবুর খান তার বক্তব্যে বলেন, উত্পাদনশীল খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমেই ঘরে ঘরে কর্মসংস্থান দেয়া সম্ভব হবে। তাই ঢাকা চেম্বার এ ধরনের একটি উদ্যোগ গ্রহণ করেছে। আগামী জুন থেকে অক্টোবরের মধ্যে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ এবং সারা দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও থানা পর্যায়ে প্রচারণার মাধ্যমে বিভিন্ন খাত অনুযায়ী উদ্যোক্তা তৈরি করা হবে। এই দুই হাজার উদ্যোক্তাদের নিয়ে ‘ডিসিসিআই এন্ট্রেপ্রিনিয়ারশিপ অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৩’ নামে দুই দিনব্যাপী একটি প্রদর্শনীও করা হবে। মো.সবুর খান আরও বলেন, দৈনন্দিন তদারকি ও পরামর্শের মাধ্যমে তাদেরকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়তা করা হবে। এ সংক্রান্ত সব তথ্য ঢাকা চেম্বারের ওয়েবসাইটে (www.dcci.org.bd) আগামী ১৫ জুন থেকে সবার জন্য উন্মুক্ত করা হবে। যার মাধ্যমে যে কেউ তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করতে পারবেন। এ প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের উত্স সম্পর্কে জানতে চাইলে ডিসিসিআই প্রেসিডেন্ট মো. সবুর খান বলেন, এ প্রকল্পের ব্যাপারে ইতোমধ্যে অনেকে আগ্রহ দেখিয়েছে। তবে অর্থায়নের বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে যে কোনো মূল্যে এ প্রকল্প বাস্তবায়নে ঢাকা চেম্বার বদ্ধপরিকর। তিনি আরও বলেন, গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের প্রায় ৭২ শতাংশ মনে করে তারা ব্যর্থ হতে পারে। তাই তাদেরকে সহায়তা দেয়ার জন্য সরকারের পক্ষ থেকেই এ ধরনের উদ্যোগ নেয়া দরকার ছিল। এরপরও দেশের প্রবৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যেই আমরা উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ নিয়েছি।