বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, নারীদের মাঝে এসএমই ঋণ বিতরণের পরিমাণ ও ঋণ গ্রহীতার ক্রমবর্ধমান প্রবৃদ্ধি নারী উদ্যোক্তা উন্নয়ন ও নারী ক্ষমতায়নে সহায়তা করছে। গতকাল ব্র্যাক ব্যাংকের এসএমই উদ্যোক্তা সম্মেলনে তিনি একথা বলেন। রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গভর্নর বলেন, এসএমই খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক কয়েকটি পুনঃঅর্থায়ন প্রকল্প চালু করেছি। এসব প্রকল্পের আওতায় ডিসেম্বর ২০১২ পর্যন্ত ২১টি ব্যাংক ও ২২টি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৪ হাজার ৭০৯টি উদ্যোক্তা প্রতিষ্ঠানের বিপরীতে প্রায় দুই হাজার ৭৯৫ কোটি টাকা পুনঃঅর্থায়ন সুবিধা দেয়া হয়েছে। এসএমই খাতের পুনঃঅর্থায়ন স্কীমের ন্যূনতম ১৫ শতাংশ অর্থ কেবলমাত্র নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। যার আওতায় ১০ শতাংশ সুদহারে ও সহজ শর্তে নারী উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কীমের আওতায় ২০১২ পর্যন্ত ৭ হাজার ১৮৯ জন নারী উদ্যোক্তাকে ৫৩২ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে। আর নারীদের মাঝে এসএমই ঋণ বিতরণের পরিমাণ ও ঋণ গ্রহীতার ক্রমবর্ধমান প্রবৃদ্ধি নারী উদ্যোক্তা উন্নয়ন ও নারী ক্ষমতায়নে সহায়তা করছে বলেও মনে করেন তিনি।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের ৯০ শতাংশ বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানই এসএমই খাতের। দেশের মোট শ্রমশক্তির ৪০ শতাংশ এবং অকৃষি খাতের ৭০ থেকে ৮০ শতাংশ নিয়োজিত আছে এই খাতে। মোট দেশজ উত্পাদন বা জিডিপিতে ৩১ শতাংশ অবদান রাখছে শিল্প খাত। শিল্প খাতে উত্পাদনের অধিকাংশই আসছে এসএমই থেকে। দেশের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা প্রদান করে জনসম্পদে পরিণত করা সম্ভব বলেও তিনি মনে করেন। কেন না স্বল্প পুঁজির মাধ্যমে এসএমই’র বিকাশ হলে তা উত্পাদনের যন্ত্র হবে।
প্রসঙ্গত, গতকালের সম্মেলনে ১৩ জন উদ্যোক্তাকে ব্র্যাক ব্যাংক সেরা উদ্যোক্তা হিসেবে পুরসৃ্কত করেছে। এর মধ্যে চারজন নারী উদ্যোক্তা।
