বিশ্বের কয়েকটি দেশে চালক বিহীন বিমান (ড্রোন) হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্যকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক এই সংস্থাটি জানিয়েছে, স্বচ্ছতার ক্ষেত্রে তার ভাষণ একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। খবর বিবিসির।
ড্রোন হামলা নিয়ে জাতিসংঘ তদন্ত দলকে সহায়তাকারী আইনজীবী বেন ইমারসন এক বিবৃতিতে বলেন, বারাক ওবামার বক্তব্যে ড্রোন হামলার বৈধতার বিষয়টি আগের চেয়ে অনেক স্পষ্ট হয়েছে। বারাক ওবামা এই হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তবে হামলার বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট কিছু কঠিন নিয়মের মধ্যে দিয়ে চালানোর কথা বলেছেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থার আইনজীবী ইমারসন গত জানুয়ারি থেকে ড্রোন হামলার ঘটনার তদন্ত শুরু করেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের দিক থেকে এটা একটা চ্যালেঞ্জ। জাতিসংঘ তদন্ত দল পাকিস্তান, আফগানিস্তান, ফিলিস্তিন, সোমালিয়া এবং ইয়েমেনে ২৫টি ড্রোন হামলার ঘটনা তদন্ত করেছে।
এদিকে ‘শক্তি আমাদের নিরাপদ রাখতে পারে না’ বলে দেয়া ওবামার বক্তব্যকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘কাউন্টার প্রোডাক্টিভ’ উল্লেখ করে বলেছে, এই হামলায় বেসামরিক নাগরিক হতাহত হওয়া, মানবাধিকার লঙ্ঘন এবং পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন হচ্ছে। এছাড়া ওবামা তার বক্তব্যে ড্রোন হামলা নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনার বিষয়ে কিছু না বলায় হতাশা প্রকাশ করেছেন সমপ্রতি দেশটির সাধারণ নির্বাচনে জয় লাভ করা পাকিস্তান মুসলিম লীগের (এন) এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
