ভারতের প্রধানমন্ত্রী মনমোহনের জাপান সফর কাল

আপডেট : ২৫ মে ২০১৩, ২০:৫৪
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সোমবার শুরু হচ্ছে তিন দিনের টোকিও সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারত, জাপান এবং আমেরিকার যৌথ নৌসেনা মহড়ার নতুন পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভারতীয় এবং মালাবার উপকূলে এই মহড়া হওয়ার কথা। -আনন্দবাজার পত্রিকা। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের প্রধানমন্ত্রীর ভারত সফরের ঠিক পরই মনমোহনের এই জাপান যাত্রা অত্যন্ত তাত্পর্যপূর্ণ। এই নৌসেনা মহড়া চাপে ফেলবে বেইজিংকে। এ ব্যাপারে চীনের কোনো আপত্তিকে যে গুরুত্ব দেয়া হবে না, তাও স্পষ্ট করে দিয়েছেন পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই। তিনি বলেন, জাপানের সঙ্গে আমাদের পৃথক দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। অন্য দেশের সঙ্গে তার সম্পর্ক নেই। নৌমহড়া চলে আমাদের মধ্যে। অসামরিক পরমাণু সহযোগিতার ক্ষেত্রেও ভারত ও জাপানের মধ্যে যাতে দ্রুত চুক্তি সই করা যায়, সে ব্যাপারেও কথা হবে মহমোহন ও জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবের মধ্যে। তবে চুক্তি সইয়ের দিনক্ষণ বা সময়সীমা জানাননি পররাষ্ট্র সচিব। তিনি শুধু বলেছেন, খুব শিগগিরই এ ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত করা হবে। এই সফরে গুরুত্ব পাবে, ভারতে পরিকাঠামো প্রকল্পে জাপানি বিনিয়োগ বাড়ানোর প্রসঙ্গও। প্রধানমন্ত্রীর সফরকালে দ্রুতগতির রেল, দিল্লি-মুম্বাই শিল্প করিডর, চেন্নাই-বেঙ্গালুরু সড়ক ইত্যাদি ক্ষেত্রে জাপানি বেসরকারি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করবেন ভারতীয় নেতৃত্ব।