সংবাদ কণিকা

আপডেট : ২৫ মে ২০১৩, ২০:৫৪
ব্রিটিশ লাইব্রেরীতে লেননের গান ব্রিটিশ লাইব্রেরিতে শেক্সপিয়রের রচনাবলি এবং ‘দ্য ম্যাগনা কার্টা’-র পাশে এবার স্থান পাবে ‘দ্য বিটলস’-এর গান। ‘দ্য বিটলস’-এর ইতিহাস লেখক হান্টার ডেভিস সমপ্রতি ‘দ্য বিটলস’-এর মূল উদ্যোক্তা জন লেননের লেখা তিনটি গানের মূল কপি এবং কয়েকটি চিঠি ব্রিটিশ লাইব্রেরির কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে। জন লেননের লেখা ব্রিটিশ লাইব্রেরিতে স্থান পাওয়া তিনটি গান হল ‘স্ট্রবেরি ফিল্ডস ফর এভার’, ‘শি সেইড শি সেইড’ এবং ‘ইন মাই লাইফ’। —এনডিটিভি চিলির খনি দুর্ঘটনা নিয়ে ছবি ২০১০ সালে চিলির একটি খনির প্রায় ৭শ’ মিটার গভীরে শ্রমিকদের আটকে পড়া এবং ৬৯ দিন পর তাদের উদ্ধারের ঘটনা নিয়ে সারাবিশ্বে আলোড়ন তুলেছিল। এবার সেই দুর্ঘটনাকে রূপালি পর্দায় তুলে ধরা হবে। আর তাতে অভিনয় করবেন ‘ডেসপারেডো’ খ্যাত অভিনেতা আন্তোনিও বান্দেরাস। ‘দি ৩৩’ নামের এই চলচ্চিত্রের প্রযোজক মাইক মেডাভয় সমপ্রতি এই তথ্যাটি জানিয়েছেন। ২০১০ সালের ৫ আগস্ট বিকেলে দুর্ঘটনার সূত্রপাত। ১৩ অক্টোবরের প্রথম প্রহরে একে একে আটকাপড়া শ্রমিকদের বের করে আনা হয়। —এপি লিওনার্দোর সঙ্গে মহাকাশ ভ্রমণ হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে মহাকাশ ভ্রমণ। টিকিটের দাম ১৫ লাখ ডলার। কান চলচ্চিত্র উত্সবের একটি অনুষ্ঠানে নিলামে উঠেছিল টিকিটটি। আর ঝটপট সেটি কিনে ফেললেন এক লিওনার্দো ভক্ত। নিলামে সংগৃহীত অর্থ ব্যবহার হবে দুঃস্থদের সাহায্যার্থে। মহাকাশ ভ্রমণের আগে নিউ মেক্সিকোয় লিওনার্দোর সঙ্গে তিনদিনের প্রশিক্ষণের সুযোগও পাবেন ঐ ভক্ত। লিওনার্দোদের ঠিক পরের দু’টি আসন বিক্রি হয়েছে ২৩ লাখ ডলারে। —আনন্দবাজার পত্রিকা বাঘের হামলায় চিড়িয়াখানা কর্মীর মৃত্যু বাঘের হামলায় গুরুতর আহত চিড়িয়াখানার মহিলা কর্মী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার পুলিশ জানায়, ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের ডেল্টন-ইন-ফারনেসের সাউথ লেক ওয়াইল্ড এনিম্যাল পার্কের বাঘের খাঁচায় শুক্রবার সারাহ্ ম্যাকক্লে (২৪) নামের ঐ কর্মী হামলার শিকার হন। ঐ মহিলাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। —এএফপি