আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত ১০টি ওয়ার্ডের বাইরে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হতে পুরুষদের সাথে লড়াই করতে মাঠে নেমেছেন বেশ কয়েকজন নারী প্রার্থী। এদের মধ্যে একাধিক প্রার্থী ইতিপূর্বে পুরুষ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ার রেকর্ড রয়েছে। জনপ্রিয় এই নারী নেত্রীদের পাশাপাশি স্বামী-স্ত্রী, মা-ছেলে ও ভাই-বোন প্রার্থী হয়েছেন একাধিক ওয়ার্ডে। তবে এক্ষেত্রে ডামি প্রার্থী হিসাবে কেউ কেউ মনোনয়ন দাখিল করেছেন বলে অনুসন্ধানে জানা গেছে।
৩০টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডে পুরুষ প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন দাখিল করেছেন ৮ জন নারী প্রার্থী। এদের মধ্যে বিগত দিনে ৪ জন পুরুষ প্রার্থীদের পরাজিত করে কাউন্সিলর নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। একজন বিগত নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর কাউন্সিলদের ভোটে প্যানেল মেয়র পর্যন্ত নির্বাচিত হয়েছেন। তিনি হলেন বিএনপি নেত্রী আয়শা তৌহিদা লুনা। তিনি এবার ১১নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ওয়ার্ডে দীর্ঘদিন যাবত্ কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন তার ভাই বিশিষ্ট ব্যবসায়ী সফিকুল আলম গুলজার। এবার গুলজার নির্বাচনে অংশ নিচ্ছেন না। গুলজারের অপর ভাই সহিদুল আলম নাছির ১৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচন করছেন। প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে ঐ ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তাদের অপর ভাই মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মেহেদি। র্যাবের ক্রসফায়ারে মেহেদির মৃত্যুর পর তার ভাই সহিদুল আলম নাছির উপ-নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচনে তিনি ঐ ওয়ার্ড থেকে বিজয়ী হন। এবার তিনি ৩য় বারের মতো ঐ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানেও সরাসরি মোকাবেলায় নেমেছেন নারী প্রার্থী সাহিনা পারভীন। তিনি ৩ বারের বিজয়ী নাছিরকে পরাজিত করতে আদাজল খেয়ে মাঠে নেমেছেন।
১৫নং ওয়ার্ডে লড়াই করছেন কামরুন নাহার সুইটি। সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে তিনি সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচিত হন। গত নির্বাচনে তিনি ১৫নং ওয়ার্ড থেকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে সৈয়দ জাকির হোসেন জেলালের কাছে পরাজিত হন। এবার তিনি জেলালের সাথে পুনরায় প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন।
১৬নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন বাবা-মা ও ছেলে। একই পরিবারের ৩ প্রার্থীর মধ্যে রুবিনা আক্তার ও তার স্বামী মোশারেফ আলী খান বাদশা ইতিপূর্বে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এবার ঐ কাউন্সিলর দম্পতির ছেলে আল জায়েদ খান নতুন মুখ হিসাবে নির্বাচনে মনোনয়ন দাখিল করেছেন। গত নির্বাচনে বাদশা ও রুবিনা দম্পতি মনোনয়ন দাখিল করেন। বাদশা’র মনোনয়ন বাতিলের পর স্ত্রী রুবিনা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করে মশিউর রহমান জাহাঙ্গীরকে পরাজিত করেন। এক মেয়াদ কাউন্সিলরের দায়িত্ব পালনের পর এবার পুনরায় মনোনয়ন দাখিল করলেও শেষ পর্যন্ত স্বামী সাবেক কাউন্সিলর মোশারেফ আলী খান বাদশার মনোনয়ন বৈধ বিবেচিত হওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন রুবিনা ও তার ছেলে।
২নং ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর একেএম মুরতজা আবেদীনের স্ত্রী নাছিমা নাজনীন এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দাখিল করেছেন। স্বামী ছাড়াও নাছিমা নাজনীনের ভাই এসএম মাওয়ারদী ঐ ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন।
৭নং ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন নারীনেত্রী সাবেক কাউন্সিলর নিগার সুলতানা হনুফা। সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে তিনি ঐ ওয়ার্ড থেকেই পুরুষ প্রার্থীদের পরাজিত করে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। গত নির্বাচনে একই ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আব্দুল খালেক বিশ্বাসের কাছে পরাজিত হন। এবার পুনরায় খালেক বিশ্বাসের মোকাবেলায় নেমেছেন খেলাঘর আসরের পুরনো কর্মী হনুফা।
২৬নং ওয়ার্ড নাজনীন আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন কবির বিশ্বাস, আঃ মজিদ খান, হুমায়ুন কবির, ফরিদ উদ্দিন হাওলাদার, আব্দুল হালিম মৃধা। ২৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার জিয়া উদ্দিন শিকদারের স্ত্রী শাহানা জিয়া একই ওয়ার্ড থেকে মনোনয়ন দাখিল করেছেন। তবে শাহানা জিয়া স্বামী জিয়াউদ্দিন শিকদারের ডামি প্রার্থী বলে জানা গেছে। ঐ ওয়ার্ড থেকে স্বামী-স্ত্রী’র মধ্যে যে কেউ একজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জিয়ার পারিবারিক সূত্র জানিয়েছে।
