মান ভাঙ্গানোর চেষ্টায় আরিফ কামরানও দুশ্চিন্তামুক্ত নন

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:৩৪
বিভাগীয় শহর সিলেট মহানগরীতে ক্রমেই নির্বাচনী হাওয়া বইতে শুরু করছে। সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে এবার মেয়র পদে ৭ জন প্রার্থী মাঠে নেমেছেন। সালাউদ্দীন রিমন ছাড়া অপর ৬ প্রার্থীই রাজনৈতিক দলের। এর মধ্যে ৪ প্রার্থীই বিএনপির। আওয়ামী লীগের একজন ও একজন জামায়াতের। বিগত দু‘বারের মেয়র আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের মূল প্রতিদ্বন্দ্বী কে হবেন দীর্ঘ এ জল্পনা কল্পনারও মোটামুটি অবসান হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরীকে দলীয় মনোনয়ন দিয়ে তার দলের অপর ৩ প্রার্থীকে আরিফের পক্ষে কাজ করার জন্য বলেও দিয়েছেন। কিন্তু সংকটতো ঘরেই। উদ্ভূত পরিস্থিতিতে সিলেট বিএনপির অবস্থা এখন ত্রি-শঙ্কু। ঘরে সংকট, শরীকদলের প্রার্থী আর প্রধান প্রতিদ্বন্দ্বীকে মাথায় নিয়ে বিএনপি প্রার্থীকে এবার সিসিক নির্বাচনী বৈতরণী পার হতে হবে। বিএনপির মনোনয়ন পেতে যে তিন প্রার্থী নাসিম হোসাইন চৌধুরী, আব্দুল কায়ূম জালালী পঙ্কি ও শামসুজ্জামান জামান আগ্রহী ছিলেন তারা মনোনয়ন প্রত্যাহার করবেন কিনা, মাঠে কি ভূমিকা রাখবেন এবং কতটুকুইবা দলের পক্ষে সক্রিয় হবেন তা নিয়েও অনেকে সংশয় প্রকাশ করেছেন। তাছাড়া শরীক দল জামায়াতের প্রার্থী কারাবন্দী সিলেট মহানগর কমিটির আমির এহসানুল মাহবুব জুবায়েরও রয়েছেন। সূত্র মতে, বিএনপিসহ শরীকরা এবং আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ থেকে জামায়াতের সাথে লিয়াজোঁর চেষ্টা চলছে। তবে বিএনপির বেশ কয়েকজন মাঝারি পর্যায়ের নেতা বলেছেন তারা সবাইকে নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে বেশ চেষ্টায় আছেন। সময়মত সব সমাধান হয়ে যাবে। এদিকে বদরউদ্দিন আহমদ কামরান ব্যাহত দলীয় কোন্দলমুক্ত। তাকে ১৪ দল সমর্থন দিয়েছে বলে মিডিয়ায় প্রকাশ পেয়েছে। তারপরও মেয়র প্রার্থী কামরানও যে দুশ্চিন্তা মুক্ত তাও নয়। ভেতরের সমস্যা ও শরীকদের সাথে টানাপোড়েন সামলাচ্ছেন তিনি। রাস্তা-ঘাট, মার্কেট, অফিস-আদালতে নির্বাচনী আলোচনা চলছে। বিশেষ করে কে হচ্ছেন নগরপিতা, এ নিয়ে হিসাব শুরু হয়ে গেছে। প্রার্থীরা এখন মাঠ গোছানোয় ব্যস্ত। এদিকে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী তার দলের অপর ৩ মনোনয়ন প্রত্যাশীদের মান ভাঙ্গতে ছুটছেন তাদের বাসায়। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সমপাদক আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি ও সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইনের সাথে সাক্ষাত্ করেছেন আরিফুল হক চৌধুরী। দুপুর সাড়ে ১২টার দিকে আরিফ মহানগর বিএনপির সাধারণ সমপাদক আব্দুল কাইয়ুম জালালী পঙ্কির ভাতালিয়াস্থ বাসায় যান। আরিফ নির্বাচনে তাকে সর্বাত্মক সহযোগিতার অনুরোধ করেন। জবাবে পঙ্কি দলের চেয়ারপার্সনের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এর আগে তাঁতীপাড়াস্ত নাসিম হোসাইনের বাসায় যান আরিফ। কুশল বিনিময়ের পর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন আরিফ। নাসিম প্রতিশ্রুতি দিয়ে বলেন, তিনি দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন। এ সময় তার সাথে জেলা বিএনপি‘র সাংগঠনিক সমপাদক আলী আহমদ উপস্থিত ছিলেন। আরিফুল হক চৌধুরী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট শামছুজ্জামান জামানের বাসায়ও যাবেন বলে সূত্র জানায়। বিএনপির পক্ষ থেকে জামায়াতের প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে অনুরোধ জানানো হয়েছে। গতকাল বিকালে ১৮ দলের পক্ষ থেকে জামায়াতের সাথে বৈঠকও হয়। বৈঠকের ফলাফল জানা যায়নি এ রিপোর্ট লেখা পর্যন্ত। সূত্র মতে, জামায়াত মনে করছে সিলেটে অ্যাডভোকেট জোবায়েরের ক্লিন ইমেজ রয়েছে। আরিফুল হক চৌধুরী সিলেট মহানগর উন্নয়ন কমিটির সভাপতি থাকায় তখন নগরীর সব উন্নয়ন কাজই তার হাত দিয়ে হলেও সঠিকভাবে কাজ হয়নি। অন্যদিকে মেয়র হিসেবে বদরউদ্দিন আহমদ কামরানও দৃশ্যমান উন্নয়ন করতে পারেননি। নগরীতে পানি সমস্যা, যানজট, ফুটপাত ও ছড়া দখল, জলাবদ্ধতা, হকারদের সমস্যা, অপরিকল্পিত নগরায়ন, ড্রেনেজ ব্যবস্থার কোনো সমাধান করতে পারেননি কামরান। নগরবাসী মেয়র হিসেবে জোবায়েরকে নির্বাচনে জয়ী করবে এমনই ভাবছে জামায়াত।